২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেকপয়েন্টে প্রাণঘাতী হামলাকারী ফেরারিকে হত্যা সৌদি বাহিনীর

গত মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি চেকপয়েন্টে হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যার পর থেকে পালিয়ে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 03:18 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে ঘোষিত বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম খালেদ মোহাম্মদ আল শাহরি।

শনিবার রাতে আল ওয়াহ্দা শহরে খালিদের পারিবারিক বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। খালেদ আত্মসমর্পণ করতে অস্বীকার করে ছুরি নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করলে তাকে গুলি করা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। 

২০ এপ্রিল খালিদ ওই চেকপয়েন্টে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু কেন তিনি সেখানে হামলা চালিয়েছিলেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স।

চেকপয়েন্টে হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া জানিয়েছিল, হামলাকারীদের মধ্যে এক বন্দুকধারীকে হত্যা করা করা হয়েছে ও অপর দুজনকে আটক করা হয়েছে।

অ্যাসির প্রদেশের সঙ্গে ইয়েমেনের সীমান্ত আছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে গত তিন বছর ধরে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। এই লড়াইয়ের সঙ্গে ওই চেকপয়েন্টে হামলার কোনো যোগসূত্র আছে কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।