ট্রাম্পের প্যারিস হামলাকারীদের ‘অনুকরণে’ ক্ষুব্ধ ফরাসীরা
সাধারণ জনগণকে অস্ত্র দিলে ২০১৫ সালের প্যারিস হামলা ঠেকানো যেত এমন ইঙ্গিত দিয়ে ফরাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
“বুম! এখানে এসো, বুম! এখানে এসো,বুম!” প্যারিসের হামলায় বন্দুকধারীরা এক এক করে ডেকে নিয়ে গুলি চালিয়েছিল বুঝিয়ে মার্কিন প্রেসিডেন্ট তাদের অনুকরণ করে এমনটা বলেন এবং হাতের আঙ্গুল দিয়ে নিশানায় তাক করার অঙ্গভঙ্গি করেন বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্প এমনটি বললেও ২০১৫-র ওই সন্ত্রাসী হামলায় আদতে এমনটা ঘটেনি। বন্দুকধারীরা সেবার আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে এবং বোমাভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে ১৩০ জনকে হত্যা করেছিল।
মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পকে হতাহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে তারা।
“১৩ নভেম্বর ২০১৫-র হামলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে ফ্রান্স তার দৃঢ় অসম্মতি প্রকাশ করছে। হতাহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করছি আমরা,” বিবৃতিতে বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হামলার সময়কালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যকে ‘লজ্জাজনক’ অভিহিত করেছেন। ফ্রান্স ও এর মূল্যবোধ সম্পর্কে ট্রাম্প যা ভাবেন, তা তার বক্তব্যে ফুটে উঠেছে বলেও ইঙ্গিত করেছেন অলন্দ।
তৎকালীন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস টুইটারে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন।
“অশালীন এবং অযোগ্য। আর কি বলতে পারি?” বলেন তিনি।
টেক্সাসের ডালাসে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনে (এনআরএ) দেওয়া ওই বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট লন্ডনে ছুরি হামলার মাত্রা নিয়েও কড়া সমালোচনা করেন। শহরটির একটি হাসপাতালকে ‘যুদ্ধক্ষেত্রের’ সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ট্রাম্পের এ অবস্থানের সমালোচনা করে লন্ডনের এক জ্যেষ্ঠ শল্যচিকিৎসক অধ্যাপক করিম ব্রোহি বলেছেন, “ছুরি হামলা মোকাবিলায় বন্দুক ব্যবহারের প্রস্তাব হাস্যকর।”
এনআরএ-র সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, “বন্দুকের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কড়া আইন ফ্রান্সের প্যারিসে। সেখানে কারও কাছেই অস্ত্র থাকে না, কারো কাছেই না। আমরা সবাই ১৩০ এর বেশি (নিহত) মানুষকে স্মরণ করতে পারি, স্মরণ করতে পারি আরও অসংখ্য ব্যক্তিকে, যারা ভয়াবহ, ভয়াবহভাবে আহত হয়েছিলেন। আপনারা কি খেয়াল করছেন, কেউ এখন তাদের কথা বলে না।
“বন্দুক থাকা ছোট একটি দলের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন তারা। সন্ত্রাসীরা সময় নিয়েছিল এবং এক এক করে গুলি চালিয়েছিল। বুম! এখানে এসো। বুম! এখানে এসো, বুম! কিন্তু যদি একজন কর্মচারীর কাছে, বা একজন আয়োজকের কাছে কিংবা ওই কক্ষে থাকা একজনের হাতেও বন্দুক থাকতো, যা তাক করা থাকতো উল্টো দিকে, সন্ত্রাসীদের হয় পালিয়ে যেতে হত, না হলে গুলি খেতে হত।”
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একদল জিহাদি ফ্রান্সের রাজধানীতে ওই হামলা চালিয়েছিল। স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে বাইরে বোমার বিস্ফোরণ, বাতাক্লঁ কনসার্ট হলে সঙ্গীতানুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ও নির্বিচার গুলি এবং বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বারের সামনে বোমার বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলি চালিয়েছিল হামলাকারীরা।
হামলাকারীরা শতাধিক ব্যক্তিকে জিম্মিও করেছিল। পরে পুলিশি অভিযানে সেই সংকটের রক্তাক্ত অবসান ঘটে।
সন্ত্রাসীদের প্রায় সবাই ঘটনাস্থলে কিংবা পুলিশি অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয়। সালাহ আবদেস্লাম নামে এক সন্দেহভাজনকে আটক করার পর জেলে পাঠানো হয়।
তিন বছর আগের ওই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাননি কয়েকদিন আগেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে হাস্যজ্জ্বল অবস্থায় ক্যামেরাবন্দী হওয়া ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ছিল স্পষ্ট। ট্রাম্পের এমন অবস্থানকে খারিজ করে দিয়ে তারা বলেছে, অন্যান্য বিষয়ের মতো আগ্নেয়াস্ত্র বহন নিয়েও প্রত্যেকটি দেশেরই নিজস্ব আইন আছে।
“আগ্নেয়াস্ত্র কেনা ও বহনে কঠোর বিধিনিষেধ আরোপকারী দেশ হিসেবে ফ্রান্স গর্বিত,” বিবৃতিতে বলেছে ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়।
ট্রাম্পের মন্তব্যে নিন্দা জানিয়ে টুইট করেছেন প্যারিসের মেয়র অ্যানি হিদেলগো। তিনি বলেছেন, ২০১৫-র হামলা নিয়ে ট্রাম্পের ভঙ্গী ‘অপমানজনক ও অশোভন’।
