২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খান্ডে কিশোরীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা

ভারতের ঝাড়খান্ড রাজ্যে ১৬ বছরের এক কিশোরীকে দলগত ধর্ষণের পর নিজ ঘরের ভিতরে জীবন্ত পুড়িয়ে মারার ঘ্টনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 08:56 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

শুক্রবার ওই কিশোরীকে তার ঘরে পুড়িয়ে মারা হয়, এর আগের রাতে তাকে যারা ধর্ষণ করেছিল তারাই তাকে জীবন্ত পুড়িয়ে মারে বলে অভিযোগ, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

এর আগে এ ঘটনায় জড়িত আরও ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ২০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

“একটি বিশেষ তদন্ত দল তৈরি করা হয়েছে, তারাই মামলাটি তদন্ত করছেন,” বলেছেন তিনি।

ঝাড়খান্ডের মাওবাদী অধ্যুষিত ছত্র জেলায় ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদেনে জানানো হয়েছে।

নিহত কিশোরীর পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চার ব্যক্তি, যারা মাতাল ছিল বলে অভিযোগ, ওই কিশোরীকে তাদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়; ওই সময় কিশোরীর বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় কিশোরী একাই বাড়িতে ছিল।

ওই ব্যক্তিরা কিশোরীটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

কিশোরীর বাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য সদস্যদের কাছে এ ঘটনার কথা জানানোর পর তারা ‘ঘটনাটি মিটমাট’ করে ফেলার পরামর্শ দেন। পঞ্চায়েতের বিচারে অভিযুক্তদের ১০০ বার কান ধরে ওঠবস করানো হয় ও ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।

গ্রাম পঞ্চায়েতের কাছে যাওয়ায় কিশোরীর পরিবারের ওপর ক্রুদ্ধ হয় অভিযুক্তরা। তারা জোর করে ওই কিশোরীদের বাড়িতে প্রবেশে করে তার বাবা-মাকে মারধর করে এবং কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পরিবারটির।

ঘটনাটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে না নেওয়ায় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে আড়াই লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন একের পর এক শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ভারতের জনগণ ক্ষুব্ধ হয়ে আছে। ঘটনার শুরু জম্মু ও কাশ্মিরের আট বছর বয়সী এক শিশুকে অপহরণ, ধর্ষণ, নির্যতন ও খুনের মধ্য দিয়ে।

নারী শিশুদের ওপর যৌন সহিংসতা নিয়ে দেশব্যাপী তৈরি হওয়া ক্ষোভ প্রশমিত করতে গত মাসে মোদী সরকার জরুরি নির্বাহী আদেশ জারি করে শিশু ধরণের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করে।  

ধর্ষিতার বয়স ১৬ বছরের বেশি হলে ধর্ষণকারীর নূন্যতম সাজা ১০ বছর কারাবাস, আর ১৬ বছরের নিচে হলে নূন্যতম কারাদণ্ড ২০ বছর নির্ধারণ করা হয়। পাশাপাশি তদন্তের জন্য দুই মাস ও বিচারের জন্য দুই মাসের বেশি সময় নেওয়া যাবে না বলে আদেশ জারি করা হয়।