২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাইম জোন’ পাল্টাচ্ছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিয়ে নিতে উত্তর কোরিয়া তাদের ‘টাইম জোন’ পাল্টাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 01:45 AM

Updated : 08 Apr 2022, 06:20 PM

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি লিখেছে, শনিবার ঘড়ির কাঁটা ৩০ মিনিট এগিয়ে নেবে উত্তর কোরিয়া।

দুই কোরিয়া আবার ‘এক হয়ে ওঠার প্রক্রিয়া ত্বরাণ্বিত করতে’ প্রথম পদক্ষেপ হিসেবে এটা করা হচ্ছে।

প্রায় সাড়ে ছয় দশক ধরে বৈরিতার মধ্য দিয়ে আসা দুই কোরিয়ার সম্পর্কে বরফ গলে গেল সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের বৈঠকে। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা।

এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নিল উত্তর কোরিয়া।

বর্তমানে পিয়ংইয়ংয়ের সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের চেয়ে আধা ঘণ্টা পেছানো। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পানমুনজমে দুই দেশের ঘড়ি পাশাপাশি থেকে আলাদা এই সময় দেখায়। ওই জায়গায়ই বৈঠক করেছিলেন কিম ও মুন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠকের দিন ঠিক হয়েছে।

শুক্রবার হোয়াইট হাইজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “এখন আমাদের বৈঠকের একটি তারিখ ও একটা জায়গা ঠিক হয়েছে। শিগগিরই আমরা তা ঘোষণা করব।”

ওই বৈঠক থেকে ‘ভালো, খুব ভালো কিছু’ বেরিয়ে আসার আশা করছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

শান্তির পথে ঐতিহাসিক ঐকমত্যে দুই কোরিয়া