২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নো তারকাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য আইনজীবী কোহেনের অর্থ দেওয়া এবং পরে তা পরিশোধের বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 12:41 AM

Updated : 08 Apr 2022, 06:19 PM

ড্যানিয়েলসকে দেওয়া অর্থ ‘ট্রাম্প নিজের আইনজীবী কোহেনকে ব্যক্তিগতভাবে পরিশোধ করেছিলেন’ বলে সাবেক নিউ ইয়র্ক সিটি মেয়র রুডি জুলিয়ানি জানানোর পর এবার ট্রাম্পও বললেন, ওই অর্থ তিনি শোধ করেছেন এবং তা বৈধভাবেই দেওয়া হয়েছে।

তিনি বলেন, “ওই অর্থ প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারাভিযানের তহবিল থেকে দেওয়া হয়নি।” ফলে প্রচারণার তহবিল যে তসরুপ হয়নি সেটিই মূলত বলতে চেয়েছেন ট্রাম্প।

ড্যানিয়েলসকে অর্থ দেওয়া নিয়ে ট্রাম্প এই প্রথম সরাসরি কথা বললেন। যদিও ওই তারকার সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা এখনো জোরগলায়ই অস্বীকার করছেন তিনি।

স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প।

কিন্ত ড্যানিয়েলস যাতে বিষয়টি নিয়ে মুখ না খোলেন সেজন্যই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ডেনিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন।

কোহেন এরই মধ্যে ড্যানিয়েলসকে ওই অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। আর ট্রাম্প এ অর্থই পরে কোহেনকে পরিশোধ করেছেন বলে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে জানান তার আইনি টিমের নতুন সদস্য জুলিয়ানি।

ট্রাম্প এর আগে এ ধরনের কোনো অর্থ লেনদেনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে দাবি করে আসছিলেন।

কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প তিনটি টুইটে ড্যানিয়েলসকে দেওয়া অর্থ পরিশোধ এবং তার সঙ্গে গোপনীয়তা চুক্তি করার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তবে এ গোপনীয়তা চুক্তি ধনাঢ্য ব্যক্তি এবং সেলিব্রিটিদের মধ্যকার সাধারণ চুক্তি বলেই দাবি করেছেন ট্রাম্প। যে চুক্তির বদৌলতে মিথ্যা কোনো অভিযোগ উঠবে না। আর এ চুক্তির জন্য দেওয়া অর্থ প্রচারণা তহবিলের নয় বলেও ট্রাম্প পরিষ্কার করে জানিয়েছেন।

অথচ একমাস আগেই সাংবাদিকরা ট্রাম্পকে ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার বিষয়টি জানতেন কিনা প্রশ্ন করলে তিনি “না” উত্তর দিয়েছিলেন।