২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় নির্বাচন কমিশন কার্যালয়ে জঙ্গি হামলা, নিহত ১২

লিবিয়ার রাজধানী ত্রিপোলি তে নির্বাচন কমিশনের কার্যালয়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। জঙ্গিরা ভবনটিতে আগুনও ধরিয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2018, 10:53 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

হাই ন্যাশনাল ইলেকশন কমিশনের (এইচএনইসি) কর্মচারীদের ওপর জঙ্গিরা গুলি চালিয়ে ভবনটি দখলে নেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জঙ্গিদের একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যরা ভবনটিতে হানা দিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয়।

এ বছরের শেষদিকে লিবিয়ায় নির্বাচনের প্রস্তুতি বানচাল করতেই জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের কোনো তারিখ এখনো ঘোষণা করা না হলেও গত ডিসেম্বর থেকেই লিবিয়াজুড়ে প্রায় ১০ লাখ ভোটার নাম নিবন্ধন করেছে।

ত্রিপেলিতে বুধবার আইএস জঙ্গিদের এ হামলা কয়েকবছরের মধ্যে এটিই প্রথম। লিবিয়াজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নাজুক হলেও রাজধানীতে সম্প্রতি স্থানীয় সশস্ত্র গ্রুপগুলোর মধ্যেই সহিংসতা সীমাবদ্ধ ছিল।

নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর রয়টার্সকে বলেছেন, বুধবারের হামলায় তিন কর্মকর্তা এবং চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় পরে হামলায় নিহতের সংখ্যা ১২ উল্লেখ করেছে।

খালেদ ওমর জানান, তিনি দুই আত্মঘাতী বোমারুকে দেখেছেন। তারা আল্লাহু আকবর বলে চীৎকার করছিল।