২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে অগ্নিকান্ডে ধসে পড়ল ২৬ তলা ভবন

ব্রাজিলের সাও পাওলোতে আগুন ধরে ২৬ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:40 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

১৫০ জনেরও বেশি অগ্নিনির্বাপন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্যাস বিস্ফোরণ থেকে ভবনটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বহুতল ওই ভবনটি অবৈধ বাসিন্দাদের দখলে ছিল। ভবনের ভেতরে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ফায়ার কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

আগুনের শিখা ভবনের নিচতলা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনকেও গ্রাস করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ বাহিনী কয়েক বছর আগে অফিস ভবনটি খালি করে দেওয়ার পর পরিত্যাক্ত এ ভবনে আশ্রয় নেয় ৫০ টি পরিবার। ভবনটির নিচের ১০ টি তলাতেই প্রায় ১৫০ লোকের বাস।

সাও পাওলোর এসতাদাও পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির অস্থায়ী আবাসিক কম্পার্টমেন্টগুলো কাঠের তৈরি হওয়ায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছে।

পত্রিকাটি জানায়, অগ্নিনির্বাপন কর্মীরা ভবনটি খালি করে ফেলতে সক্ষম হলেও শেষ মুহূর্তে এক বাসিন্দাকে বাইরে বের করে আনার সময় ভবন ধসে পড়ে তার মৃত্যু হয়। আহত হয় এক অগ্নিনির্বাপন কর্মীও।

ভবনটির চতুর্থ তলার বাসিন্দা ৫৮ বছর বয়স্ক এক নারী বলেন, “ভবন ভেঙে পড়ার সময় আমার সুনামির মত মনে হচ্ছিল। আমি আমার সঙ্গে কিছুই নিয়ে আসতে পারিনি।”

ভবনটির আরেক বাসিন্দা বলেন, তিনি ৫ সন্তানকে নিয়ে গভীর ঘুমে ছিলেন। হঠাৎই চিৎকার- চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। লোকজন আগুন আগুন বলে চিৎকার করছিল। তা শুনে তিনি বাচ্চাদের নিয়ে দৌড়ে পালান।

ভবনটির কাছের একটি হোটেলও খালি করে ফেলা হয়েছে। স্থানীয় সময় ১ টা ২০ মিনিটের (৪:২০ জিএমটি) দিকে ভবনটিতে আগুন লাগে। আর এর ৯০ মিনিট পরই ভবনটি ধসে পড়ে।