ফ্রান্সে মিউজিয়াম ভরা চিত্রকর্মের অর্ধেকই বেরুলো ‘জাল’
ফরাসি শিল্পী ইতিয়েন তেহরুসের নামে উৎসর্গ করা ফ্রান্সের এক মিউজিয়ামের কর্তৃপক্ষ সম্প্রতি আবিষ্কার করেছে, আসল মনে করে দুই দশক ধরে তারা এই শিল্পীর যেসব চিত্রকর্ম সংগ্রহ করেছে, তার অর্ধেকের বেশিই জাল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতিয়েন তেহরুসের নিজের হাতে আঁকা বলে মনে করা হত এমন ৮২টি চিত্রকর্ম নকল বলে এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের এল্নে শহরে জন্ম হওয়া তেহরুস ১৯২২ সালে ৬৪ বছর বয়সে মারা যান। তার বেশিরভাগ ছবি ওই শহরে বসেই আাঁকা।
ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়, তেহরুসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই মিউজিয়াম প্রতিষ্ঠা করার পর নগর কর্তৃপক্ষ ১৯৯০ থেকে ২০১০ সালের মধ্যে ১ লাখ ৬০ হাজার ইউরো খরচ করে ওই চিত্রকর্মগুলো সংগ্রহ করে।
তার মধ্যে যে নকল থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা ছিল না মিউজিয়াম কর্তৃপক্ষের। কিন্তু এরিক ফরকাডা নামে শিল্পকলার একজন ইতিহাসবিদ বেশ কয়েক মাস আগে চিত্রকর্মগুলো নিয়ে তার সন্দেহের কথা মিউজিয়াম কর্তৃপক্ষকে জানান।
কর্তৃপক্ষ এরপর শিল্প বোদ্ধাদের নিয়ে একটি কমিটি করে। মিউজিয়ামের ১৪০টি চিত্রকর্মের মধ্যে ৮২টি যে ইতিয়েন তেহরুসের আঁকা নয়, তা ওই কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসে।
মিউজিয়ামের সংস্কার শেষে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই খবর প্রকাশ করে কর্তৃপক্ষ।
