আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে বিবিসি সাংবাদিক নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে বিবিসি’র এক প্রতিবেদক বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
২৯ বছর বয়সী সাংবাদিক আহমাদ শাহ বিবিসি’র আফগান সার্ভিসে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছিলেন। তিনি রয়টার্সেরও সাংবাদিক ছিলেন।
খোস্তের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল বলেছেন, খোস্তের উপকণ্ঠে গুলজার এলাকায় বাড়ি ফেরার পথে আহমাদ শাহ হামলার শিকার হন।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, শাহ বাইসাইকেলে করে যাওয়ার সময় বন্দুকধারীরা তার ওপর হামলা চালায়। আহত শাহকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বিবিসি টুইটারে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণে ৯ সাংবাদিকসহ অন্তত ২৬ জন নিহত হওয়ার দিন সোমবারই খোস্তে সাংবাদিক হত্যার এ ঘটনা ঘটল।
এর এক সপ্তাহ আগে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে বন্দুকধারীরা এক আফগান সাংবাদিককে হত্যা করেছে।
এ দুই হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র থাকার আলামত পাওয়া যায়নি।
