২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: মুন

দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে দুই কোরিয়াকে এক করে কোরীয় উপদ্বীপে শান্তি ফেরার পথ উন্মোচনে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2018, 11:06 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

সিনিয়র সেক্রেটারিদের সঙ্গে এক বৈঠকে মুন একথা বলেন বলে সোমবার সাংবাদিকদের জানান ব্লু হাউজের কর্মকর্তারা।

মুন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতা উচিত। আমাদের শুধুমাত্র শান্তি প্রয়োজন।”

দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে গত শুক্রবার এক ঐতিহাসিক বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে ঐকমত্যে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।

ওই বৈঠকে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন। সেই সঙ্গে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে এ বছরই একটি শান্তি চুক্তিতে সই করার জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন দুই নেতা।

১৯৫৩ সালে ‘যুদ্ধবিরতি’ চুক্তিতে দুই কোরিয়ার মধ্যে প্রায় তিন বছরের যুদ্ধের অবসান হলেও দুই দেশের মধ্যে কোনো এখনও কোনো শান্তি চুক্তি হয়নি।

কিম-মুন সফল বৈঠকের পর ট্রাম্প-কিম আলোচনা শুরুর সম্ভাবনাও অনেক বেড়েছে।

আগামী তিন বা চার সপ্তাহের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প। তিনি এরই মধ্যে তার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বৈঠকের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া সফর করেছেন।

কিমের সঙ্গে পম্পেওর আলোচনা ‘সফল ছিল’ বলে এক টুইটে জানিয়েছেন ট্রাম্প।

যদিও কিম-মুন বৈঠকের পরপরই উত্তর কোরিয়ার উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দেন ট্রাম্প।

এর আগে জানুয়ারিতে মুন বলেছিলেন, “দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরু করতে ট্রাম্পের অনেক অবদান রয়েছে। এটি নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের ফল।”

ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামাও ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান। যদিও প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় ওবামাকে এ পুরস্কার দেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তাদের মতে যোগ্যতা প্রমাণের আগেই ওই পুরস্কার দেওয়া হয়েছে।

আরও তিনজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তারা হলেনঃ থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন এবং জিমি কার্টার।