২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত্রুদের রকেট সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে: সিরীয় সেনাবাহিনী

হামা ও আলেপ্পো প্রদেশের গ্রামাঞ্চলীয় কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 02:38 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এই হামলাকে ‘শত্রুদের নতুন আগ্রাসন’ বলে অভিহিত করেছে সেনাবাহিনীটি।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিস্তারিত কিছু না জানিয়ে সেনাবাহিনীর এক সূত্রের উদ্ধৃতিতে বলা হয়, “নতুন আগ্রাসনের মুখোমুখি হয়েছে সিরিয়া। হামা ও আলেপ্পোর গ্রামীণ এলাকার কয়েকটি সামরিক ঘাঁটিতে শত্রুদের রকেট আঘাত হেনেছে।”

এর আগে সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর ঘাঁটিতে ইসরায়েল বেশ কয়েকবার হামলা চালিয়েছিল। বিশেষ করে লেবাননের শিয়া হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রবহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল দেশটি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে যুদ্ধ করা হিজবুল্লাহকে নিজের সীমান্তবর্তী এলাকার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল।

সিরিয়ার গণমাধ্যমের এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কোনরিকাস বলেছেন, “বিদেশি প্রতিবেদন সম্পর্কে আমরা কোনো মন্তব্য করি না, আর এই মূহুর্তে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যও নেই।”

সিরিয়া যুদ্ধের যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি রকেটের গুদাম লক্ষ্য করে রোববারের হামলাটি চালানো হয়েছে এবং তাতে ২৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইরানি ও ইরাকি। 

সিরিয়ার সরকারবিরোধী একটি সূত্র জানিয়েছে, যে স্থানগুলোতে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে হামা শহরের নিকটবর্তী সেনাবাহিনীর একটি ঘাঁটি আছে, যেটি ব্রিগেড ৪৭ নামে পরিচিত।

এই ঘাঁটিটি প্রেসিডেন্ট আসাদের হয়ে যুদ্ধ করা ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের রিক্রুটমেন্ট কেন্দ্র হিসেবে বহুল পরিচিত বলে বলে দাবি করেছেন তিনি।

সিরিয়ার বিষয়ে অভিজ্ঞ একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে বলেছেন, “মনে হচ্ছে ইরানের সমর্থিত মিলিশিয়াদের কয়েকটি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।”

রয়টার্সকে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সূত্রটি আরো বলেছেন, “অস্ত্রের গুদামে হামলা হওয়ায় পরেও অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

এসব অভিযোগ ও দাবির সত্যাসত্য নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ ‘ইরান ও সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া’ অব্যাহত রাখবে।

চলতি মাসের প্রথমদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের ব্যবহার করা একটি সিরীয় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ওই হামলায় সাত ইরানি নাগরিক নিহত হয়েছিল বলে ইরানের বার্তা সংস্থা তানসিম তখন জানিয়েছিল। 

বিমান ঘাঁটিতে ওই হামলার পর পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।