পচা ফলের গন্ধে খালি করতে হল বিশ্ববিদ্যালয়
প্রাথমিকভাবে গ্যাস বলে সন্দেহ করা একটি গন্ধের কারণে মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়।
কিন্তু পরে দেখা যায় শিক্ষার্থীরা যে ‘গ্যাসের’ গন্ধ পেয়েছিলেন তা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কাপবোর্ডে রাখা পচে যাওয়া একটি ডুরিয়ান ফলের গন্ধ।
শনিবার অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনা ঘটেছে বলে খবর বিবিসির।
ক্রান্তীয় অঞ্চলের সুমিষ্ট ফল ডুরিয়ান তীব্র গন্ধের জন্য সুপরিচিত।
দমকল কর্মীরা জানিয়েছেন, এয়ারকন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে ওই গন্ধ বিশ্ববিদ্যালয়টির পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়টির কর্মী ও শিক্ষার্থীরা লাইব্রেরি ভবনে ‘গ্যাসের’ গন্ধ পাওয়ার কথা জানানোর পর স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ভবন থেকে সবাইকে সরিয়ে নিয়ে ভবনটি খালি করে ফেলে।
ভবনটিতে বিপজ্জনক রাসায়নিক রক্ষিত থাকতে পারে, দমকল বাহিনী এটি বলার পর গন্ধের উৎস সন্ধানে তদন্ত শুরু হয়।
‘ব্যাপক তল্লাশির’ পর দমকল বাহিনী লাইব্রেরির কাপবোর্ডে রাখা পচে যাওয়া ডুরিয়ান আবিষ্কার করে। তখন তারা জানায়, গন্ধের উৎস কোনো রাসায়নিক গ্যাস নয়, পচে যাওয়া ওই ডুরিয়ান ফল থেকেই গন্ধটা ছড়িয়েছে।
এরপর ভবনটি পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেলবোর্ন মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড।
ডুরিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ফল। এর ক্রিমের মতো মিস্টি শাঁস আছে, কিন্তু এর স্বাদ পাওয়ার আগে এর গন্ধে অভ্যস্ত হতে হয়। বাইরে থেকে ফলটি দেখতে অনেকটা কাঁঠালের মতো।
