পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফকে পার্লামেন্ট সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
আসিফের নামে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওয়ার্ক পারমিট থাকার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট এক রায়ে তাকে সংসদে অযোগ্য ঘোষণা করেছে।
খাজা আসিফের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছিলেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তৈহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ওসমান ধর।
কর কর্তৃপক্ষের কাছে আসিফ সম্পত্তি গোপন করার কারণে তার বিরুদ্ধে সম্প্রতি কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন ওসমান ধর।
অবশেষে আদালত আসিফকে অযোগ্য ঘোষণার রায় দেওয়ার পর এর প্রশংসা করেছে ধর। সাংবাদিকদের তিনি বলেছেন, “ন্যায়বিচার করার জন্য বিচার বিভাগের কাছে আমি কৃতজ্ঞ।”
আদালতের রায় নিয়ে তাৎক্ষণিকভাবে খাজা আসিফের মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের জিও টিভি চ্যানেল বলছে, আসিফ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পরিকল্পনা করেছেন।
আসিফ এখন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন কি-না সেটি এখনো পরিষ্কার নয়।
গতবছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সহযোগী হচ্ছেন খাজা আসিফ। একইসঙ্গে পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল (পিএমএল-এন) এর উচ্চ-পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে তাকে গণ্য করা হয়।
পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে দিয়ে আসিফের বিরুদ্ধে আদালতের রায় পিএমএল-এন এর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শরিফ ও পিএমএল-এন এর অন্যান্য শীর্ষ নেতারা বলছেন, বিচার বিভাগ নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে টার্গেট করেছে।
