২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ‘ইরান পারমাণবিক চুক্তির’ ইঙ্গিত ট্রাম্প-ম্যাক্রোঁর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তি করার ইঙ্গিত দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 12:50 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার ওভাল অফিসে দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে হওয়া সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত পাওয়া যায়।

ট্রাম্পের মেয়াদে এটিই কোনো রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্রে প্রথম রাষ্ট্রীয় সফর। তিনদিনের এ সফরে ইরান চুক্তি ছাড়াও প্যারিস জলবায়ূ চুক্তি ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে বিবিসি জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে ২০১৫ সালে হওয়া চুক্তির ব্যাপারে সংশয়ী ট্রাম্প ‘সম্ভবত আরও বড় চুক্তি করছেন’ বলে জানিয়েছেন। 

ম্যাক্রোঁ বলেছেন, নতুন কোনো চুক্তি হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাবের বিষয়ও সেটির আওতায় থাকবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি করেছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ওই চুক্তি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

বিদ্যমান চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান ২০২৫ সাল পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ রাখতে প্রতিশ্রুতি দেয়। অপরদিকে তেহরানের এ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্থায়ী সমাপ্তি চান ট্রাম্প।

তেহরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ হবে কি না, ১২ মে-র মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। অবরোধ আরোপ হলে তা বিদ্যমান চুক্তিকে হুমকির মুখে ফেলবে।

ম্যাক্রোঁর এবারের সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ট্রাম্পকে চুক্তি বাতিলের পথ থেকে সরিয়ে আনা। বিদ্যমান চুক্তির চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।

চুক্তিতে থাকতে ট্রাম্পকে রাজি করাতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলেরও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

ইরান অবশ্য আগেই সতর্ক করে বলেছিলে, ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া তেহরানের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যদি নিজেদের সরিয়ে নেয়, তাহলে ‘ভয়াবহ পরিণতি’ হবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে, ইরানও ‘সম্ভবত’ চুক্তি কার্যকরের পথ বাদ দেবে।

ট্রাম্প-ম্যাক্রোঁ বৈঠকের ঘণ্টাখানেক আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তেহরান প্রথম থেকেই তার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করে এলেও ট্রাম্প প্রশাসন তা মানতে নারাজ।

“আমার মনে হয়, আমাদের কাছে এর চেয়েও বড় কিছু করার সুযোগ আছে, সম্ভবত, চুক্তি,” ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে বলেন ট্রাম্প।

নতুন কোনো চুক্তি হলে তা ‘দৃঢ় ভিত্তির’ ওপর করা হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

“তাদেরকে এমন একটি চুক্তিতে আসতে হবে যার আওতায় থাকবে ইয়েমেন, থাকবে সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশ,” বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের বিষয়টি নিয়েও মধ্যস্থতা হওয়ার বিষয়ে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

বিদ্যমান চুক্তির মধ্যে থেকে আগামী দশক পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘ মেয়াদে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে নতুন চুক্তি হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া নিয়ে ‘নতুন ফ্রেমওয়ার্ক’ নির্মাণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ম্যাক্রোঁ।

“(সেখানে) সামরিক উপস্থিতির বাইরেও আমাদের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে,” বলেন তিনি।

২০১৫ সালে হওয়া চুক্তি বাতিল হলে ইরান ফের পারমাণবিক সমৃদ্ধির পথে হাঁটবে, এমন হুঁশিয়ারির জবাবে ট্রাম্প এর আগে বলেছিলেন, “তারা কোনো কিছুই নতুন করে শুরু করতে পারবে না। যদি তারা শুরু করে তাহলে তারা সমস্যায় পড়বে, এর আগে তারা যত সমস্যায় পড়েছিল, তার চেয়েও বেশি।”

পর্যবেক্ষকরা বলছেন, ‘বড়, ভালো’ চুক্তির প্রতিশ্রুতি দিয়ে ম্যাক্রোঁ সম্ভবত ট্রাম্পকে এ দফা চুক্তি বাতিলের পথ থেকে সরিয়ে আনতে সমর্থ হয়েছেন। এর ফলে এখন থেকে ইরান চুক্তির ত্রুটিগুলোকে নিয়মিতভাবে চিহ্নিত করা হবে এবং এ নিয়ে চাপ সৃষ্টি করা হবে, তবে বিদ্যমান চুক্তি বাতিল হবে না।

ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর বিদ্যমান চুক্তির সমালোচনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সুর খানিকটা নরম দেখছে বিবিসি। যদিও ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ পথেই হাঁটবে, তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তারা।