স্পেনের পালমায় পর্যটকদের অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া নিষিদ্ধ হচ্ছে
স্পেনের মাজরকা দ্বীপের রিসোর্ট শহর পালমায় ভ্রমণকারীদের অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ফ্ল্যাট মালিকদের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। স্পেনের কোনো শহরে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম।
ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে পর্যটকদের জন্য স্বল্প সময়ের ছুটিতে ফ্ল্যাট ভাড়া হওয়ার কারণে ফ্ল্যাটের ভাড়া বেড়ে যাওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের মুখে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিচ্ছে।
পালমার মেয়র জানান, আগামী জুলাইয়ে এ নিষেধাজ্ঞা বলবৎ হবে। যেসব শহরে পর্যটকের আনাগোনা বেশি তাদের জন্য এ শহর হবে একটি মডেল। কিন্তু বাণিজ্য সংগঠনগুলো বলছে, এতে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তবে এ নিষেধাজ্ঞা কেবল ওয়েবসাইট এবং অ্যাপসে বিজ্ঞাপন দেওয়া ব্যক্তিমালিকানাধীন ফ্ল্যাটের ওপরই জারি থাকবে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্বের অনেক শহরের মতোই পালমাতেও সম্প্রতি পর্যটক বেড়েছে।ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে ফ্ল্যাট ভাড়া নেওয়ার হারও বাড়ছে। ফলে সেখানে ব্যক্তিগতভাবে ফ্ল্যাটে ভাড়ায় থাকার খরচও বেড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, পালমাতে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে পর্যটকদের লাইসেন্সবিহীন অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার সংখ্যা বেড়েছে ৫০%। আর ২০১৩ সাল থেকে বর্তমানে সেখানে অ্যাপার্টমেন্ট ভাড়া বেড়েছে ৪০%।
স্থানীয়রা এ বাড়তি ভাড়া নিয়ে নাখোশ। আর পর্যটকদের শোরগোল এবং খারাপ ব্যবহারের কারণেও প্রতিবেশীরা বিরক্ত হয়ে উঠছে।
ফলে শহরের সর্বসাধারণের স্বার্থের বিষয়টি মাথায় রেখেই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে জানিয়েছেন পালমার মেয়র।
