২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় নিহত অর্ধশতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2018, 01:40 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

নিহতদের মধ্যে ২১ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। আরও ১১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার সকালে কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

কাবুলের এই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় ভিড়ের দিকে হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়ে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে।

আহত রসুলি নামের এক তরুণ বলেন, “আমি রক্ত ও মৃতদেহের স্তুপের নিচে নিজেকে আবিষ্কার করি। এখানে সবাই ভোটার নিবন্ধন করাতে এসেছিলেন।”

ঘটনাস্থলে পাসপোর্ট সাইজের ছবি, ভোটার নিবন্ধন ফরম, ভাঙা কাঁচের টুকরা ও চাপ চাপ রক্ত পড়ে আছে।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত আরেক ব্যক্তি বার বার নিজের মেয়েকে খুঁজছিলেন।

তিনি বলেন, “আমরা মেয়ে কোথায় আছে আমি জানি না। আল্লাহ হামলাকারীদের দমন করুন।”

আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরই মধ্যে চারটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলা হয়েছে।

হামলার পর বিক্ষুব্ধ জনতা সরকারের পতন দাবি করে স্লোগান দেয়।