২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি পঙ্গু হয়েছে: যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে বলে দাবি পশ্চিমা তিন শক্তিধর রাষ্ট্রের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 01:48 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

যুক্তরাষ্ট্র বলছে,  তাদের বিমান হামলা দামেস্কের রাসায়নিক কর্মসূচিকে পঙ্গু করে দিয়েছে।

কিন্তু হামলাটি সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে মনে করছেন পর্যবেক্ষরা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সপ্তাহখানেক আগে পূর্ব গৌতার দৌমা শহরে বিদ্রোহীদের ওপর আসাদবাহিনীর সন্দেহভাজন বিষাক্ত গ্যাস হামলার প্রতিক্রিয়ায় শনিবার প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়ায় ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পেন্টাগন বলছে, দামেস্কের বারজাহ জেলার একটি রাসায়নিক গবেষণাগারসহ মোট তিনটি রাসায়ানিক অস্ত্রাগারে এ বিমান হামলা চালানো হয়। বাকি দুটি স্থাপনার অবস্থান হোমসের কাছে।

এ ক্ষেপণাস্ত্র হামলাকে সাম্প্রতিক সময়ে আসাদ ও তার শক্তিধর মিত্র রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় হস্তক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স বলছে, আসাদকে উৎখাত কিংবা চলমান যুদ্ধে হস্তেক্ষেপ করতে নয়, সিরিয়ার রাসায়নিক সক্ষমতা কমাতেই সীমিত এ হামলাটি চালানো হয়েছে।

বিমান হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ অ্যাখ্যা দিয়েছে দামেস্ক ও এর মিত্ররা। তবে স্বল্প সময়ের এ হামলা বহুপক্ষীয় সিরীয় যুদ্ধের গতিপথ বদলাবে না বলেই মনে করা হচ্ছে। দেশটিতে সাত বছর ধরে চলা এ যু্দ্ধে এর মধ্যেই অন্তত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের অভিযানকে ‘সফল’ অ্যাখ্যা দিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন ‘কার্যোদ্ধার’; তার এ টুইটকে ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাকে চালানো অভিযানের পর দেওয়া ঘোষণার প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন লেফটেনেন্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, “বারজাহ আক্রমণের মাধ্যমে সিরিয়ার অস্ত্র কর্মসূচির প্রাণকেন্দ্রে আঘাত হানতে পেরেছি বলে আমাদের বিশ্বাস।”

এরপরও সিরিয়ার রাসায়নিক কর্মসূচি বন্ধ হয়নি বলে ধারণা ম্যাকেঞ্জির; ভবিষ্যতে দেশটি আর রাসায়নিক হামলা চালাবে না, এ বিষয়েও নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া আবার কখনো বিষাক্ত গ্যাস হামলা চালালে যুক্তরাষ্ট্র এর ‘প্রত্যুত্তর দিতে প্রস্তুত’ বলে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিশ্চিত করেছেন।

পশ্চিমা দেশগুলো বলছে, দৌমায় গত ৭ এপ্রিল সন্দেহভাজন রাসায়নিক হামলার পর এ ধরণের আরও হামলা রুখতেই তারা বিমান হামলা চালিয়েছে। দৌমায় হামলার জন্য আসাদ সরকারকে দায়ী করে আসছে তারা।

শনিবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৭ এপ্রিলের হামলায় বিস্তৃত আকারে ক্লোরিন গ্যাস ব্যবহৃত হয়েছিল বলে জেনেছেন তারা।

“সেখানে সারিন গ্যাসও ব্যবহৃত হতে পারে বলে অনেকগুলো তথ্যে ইঙ্গিত মিলেছে.” মন্তব্য তার।

পেরুতে অনুষ্ঠিত আমেরিকান সামিটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও বলেছেন, সিরিয়ায় ক্লোরিনের সঙ্গে বিষাক্ত সারিন গ্যাসও ব্যবহৃত হয়েছে কি-না ওয়াশিংটন তা খতিয়ে দেখছে।