২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা: নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে পারে রাশিয়া

রাসায়নিক হামলার জাবাব দিতে সিরিয়ায় মার্কিন মিত্রদের হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার কথা ভাবছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2018, 02:59 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

রাশিয়ার বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির উপ প্রধান ভ্লাদিমির জাবারভের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া এ খবর দিয়েছে।

জাবারভ বলেন, “এখন পরিস্থিতি পর্য‍ালোচনা করা হচ্ছে। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক দাবি করতে পারে। আমার মনে হয়, এটা করবেই।”

শনিবার প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স জাহাজ ও জঙ্গিবিমান থেকে সিরিয়ার তিনটি প্রধান রাসায়নিক অস্ত্র ক্ষেত্রে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

গত সপ্তাহে সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলায় প্রায় ৭০ জন নিহত এবং পাঁচশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনাস্থল থেকে সংগ্রহকরা নমূণা পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফ্রান্স দৌমায় রাসায়নিক হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ও তাদের মিত্র রাশিয়াকে এ হামলার জন্য দায়ী করে।

যদিও সিরিয়া এবং রাশিয়া বরাবরই এ দায় অস্বীকার করেছে।

দৌমায় রাসায়নিক হামলার জবাব দেওয়া হুঁশিয়ারি আগেই উচ্চারণ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় হামলা হলে রাশিয়া তা প্রতিহত করবে এবং যোগ্য জবাব দেবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল।

তার পরপরই গত বুধবার এক টুইটে ‘সুন্দর, নতুন ও আধুনিক’ ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য রাশিয়াকে প্রস্তুত হতে বলেছিলেন ট্রাম্প।