রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধে বাধ্য করতে এ হামলা: মে
গৃহযুদ্ধে হস্তক্ষেপ নয় বরং রাসায়নিক হামলা বন্ধে সিরিয়া সরকারকে বাধ্য করতে দেশটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।
শনিবার প্রথম প্রহরে সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় একযোগে আক্রমণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
যুক্তরাজ্যের চারটি আরএএফ টর্নেডো জঙ্গিবিমান এ হামলায় অংশ নিয়েছে বলে জানায় বিবিসি।
গত সপ্তাহে সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলায় প্রায় ৭০ জন নিহত এবং পাঁচশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনাস্থল থেকে সংগ্রহকরা নমূণা পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফ্রান্স দৌমায় রাসায়নিক হামলার বিষয়টি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ও তাদের মিত্র রাশিয়াকে এ হামলার জন্য দায়ী করে।
যদিও সিরিয়া এবং রাশিয়া বরাবরই এ দায় অস্বীকার করেছে।
দৌমায় রাসায়নিক হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি অবস্থানে চলে যায় এবং পরষ্পরকে হুমকি দিতে থাকে। স্নায়ু যুদ্ধের পর ক্ষমতাধর দুই দেশের সম্পর্কের এত অবনতি আর হয়নি।
‘সিরিয়া সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে শক্তি প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না’ বলে মনে করেন মে।
সিরিয়ায় হামলার পর এক বিবৃতিতে মে বলেন, ‘সিরিয়া সরকার তাদের অনমনীয় আচরণ প্রদর্শণ করেছে’। বিষয় যখন রাসায়নিক অস্ত্র ব্যবহারে পর্যায়ে এসে দাঁড়ায় তখন সেটাকে অবশ্যই থামাতে হবে।
“এজন্য আমরা সম্ভাব্য সবরকম কূটনৈতিক উপায়ে চেষ্টা করেছি। আমাদের এই অভিযান দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ নয় বা সেখানকার সরকার পরিবর্তনের জন্যও নয়।”
সীমিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “এই অভিযান ওই অঞ্চলে ভবিষ্যতে উত্তেজনা বড়াবে না। বেসরকারি নাগরিকদের হতাহত হওয়া আটকাতে আমরা সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছি।”
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এক টুইটে এই হামলাকে স্বাগত জানিয়েছেন।
তিনি লেখেন, “যেকোনো ধরনের রাসায়নিক হামলা, বিশেষ করে সেটা যদি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হয় তবে তার বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশে বিশ্ব একজোট হয়েছে।”
সিরিয়ার বড় রাসায়নিক অস্ত্রভাণ্ডারে হামলা করা হয়েছে বলেও জানান তিনি।
