যৌন অসদাচরণের তদন্ত: সুইডিশ অ্যাকাডেমি প্রধানের পদত্যাগ
যৌন অসদাচরণের অভিযোগ তদন্তে সুইডিশ অ্যাকাডেমির ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থায়ী সম্পাদক সারা দানিয়ুস।
অ্যাকাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন অসদাচরণ অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ ধরেই বেশ চাপের মুখে ছিল।
বৃহস্পতিবার সারা দানিয়ুস পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সুইডিশ অ্যাকাডেমিই প্রতিবছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম ঘোষণা করে। আজীবনের জন্য মনোনীত হওয়ায় ‘কার্যত’ এর সদস্যদের পদত্যাগের সুযোগ নেই।
যদিও গত সপ্তাহে স্থায়ী সম্পাদকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অবস্থানে অসন্তোষ জানিয়ে তিন লেখক পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক ভবিষ্যতে অ্যাকাডেমির আর কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন।
“এটা এর মধ্যেই নোবেল পুরস্কারের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে, এটি একটি বড় সমস্যা। অ্যাকাডেমির চাওয়া আমি যেন স্থায়ী সম্পাদকের পদ ছেড়ে দিই। তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিই,” সাংবাদিকদের বলেন দানিয়ুস।
আরনল সুইডিশ অ্যাকাডেমির সদস্য কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামী।
গত সপ্তাহে অ্যাকাডেমির এক জরুরি বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্য ফ্রোস্টেনসনকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিলে এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন ইংলান্ড, ওস্টেরগ্রেন ও এস্পমার্ক।
যৌন অসদাচরণের অভিযোগ আসার পরপরই নভেম্বরে সুইডিশ অ্যাকাডেমি স্টকহোমে আরনেলের সাংস্কৃতিক ক্লাবে অর্থ সহায়তা বন্ধসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল।
এ ঘটনায় অ্যাকাডেমি নিজেই ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়ক নিজস্ব নিয়মকানুন ভেঙ্গেছিল বলেও সন্দেহ করা হচ্ছে; যা খতিয়ে দেখতে সে সময়ই একটি লিগাল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ওই তদন্তের বিষয়েও পরে কিছু জানায়নি নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী এ প্রতিষ্ঠানটি।
আরনলের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কোনো ধরনের অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন।
সুইডেনের রাষ্ট্রীয় কৌসুলিরা যৌন অসদাচরণের অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত শুরু করলেও পরে এর কিছু অংশ বাদ দেন; আরনলের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি।
