২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা হলে পাল্টা হামলা চালানো হবে: রুশ রাষ্ট্রদূত

সিরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লে তা গুলি করে ভূপাতিত করা হবে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার জাসিপকিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 01:42 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার সন্ধ্যায় হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টেলিভিশনে তার এ মন্তব্য সম্প্রচারিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাসিপকিন জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার চীফ অব স্টাফের বিবৃতির বরাত দিয়ে এসব কথা বলছেন।

আল মানারকে তিনি বলেন, “আমেরিকানরা যদি তখন হামলা চালায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হবে এবং ক্ষেপণাস্ত্রগুলো যেখান থেকে ছোড়া হয়েছে সেই উৎসগুলোও গুড়িয়ে দেওয়া হবে।”

যুক্তরাষ্ট্র কোনো ‘অবৈধ সামরিক অভিযান’ চালালে ওয়াশিংটনকে তার ‘দায়িত্ব বহন’ করতে হবে বলেও সতর্ক করেছে রাশিয়া।

সিরিয়ার রাজধানী দামেস্ক সংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরে শনিবার রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে বিদ্রোহীগোষ্ঠী জইশ আল ইসলাম। হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ওই এলাকায় চিকিৎসা ত্রাণের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো।

আদৌ এ ধরনের কোনো হামলা হয়েছে কি-না, হয়ে থাকলে কারা চালিয়েছে, এসব বিষয় নিশ্চিত না হলেও এ হামলার প্রতিক্রিয়ায় জোরালো পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় ‘সামরিকভাবে বেছে নেবার মতো অনেক বিকল্প’ যুক্তরাষ্ট্রের আছে, তার এমন মন্তব্যের পর সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো শিগগিরই সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে এমন ধারণা তৈরি হয়েছে।