২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েক জন নারীসহ অন্তত ১৭ শ্রমিক নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 01:31 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের সাতারা জেলার একটি মহাসড়কে শ্রমিকদের বহনকারী একটি দ্রুতগামী ট্রাক উল্টে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির। 

দুর্ঘটনায় পড়া শ্রমিকরা কর্নাটকের বিজাপুর থেকে পুনে যাচ্ছিলেন। মহারাষ্ট্রের খান্ডালায় খাম্বাতাকি ঘাটের কাছাকাছি এসে একটি পাহাড়ি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ট্রাকটি সজোরে সড়ক ব্যারিকেডে বাড়ি খেয়ে মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়কের ওপর উল্টে পড়ে বলে জানিয়েছেন সাতারার পুলিশ সুপার সন্দ্বিপ পাতিল। ঘটনাস্থলটি মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। আহত ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে পুলিশ। 

খান্ডালা টানেলের কাছে মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়কের ‘এস’ আকৃতির এই অংশটির তীক্ষ্ণ বাঁককে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে বহু দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।