২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ভ্যান হামলাকারীর ‘মনোরোগ ছিল’

জার্মানির মুনস্টার শহরে পথচারীর ভিড়ে ভ্যান নিয়ে হামলাকারী মনোরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন আঞ্চলিক সরকারের এক মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 10:10 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

বিবিসি জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর যাতায়াত আছে এমন চারটি বাড়িতে রোববার তল্লাশি চালিয়েছে পুলিশ।

তল্লাশি অভিযানে ওই ব্যক্তির চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ বা রাজনৈতিক কারণে হামলা সংক্রান্ত ‘কোনো ক্লু পাওয়া যায়নি’ বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

শনিবার জার্মানির পশ্চিমের নগরী মুনস্টারে রেস্তোরাঁর বাইরে বসে থাকা লোকজনের ভিড়ে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়।

পরে হামলাকারী গাড়িচালক বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় গণমাধ্যমে তার নাম জেন্স আর (৪৮) বলে জানানো হয়েছে, পুলিশের খাতায় যার নাম ছিল।

২০১৫ ও ২০১৬ সাল তার বিরুদ্ধে হুমকি দেওয়া, ভাংচুর করা, গাড়ি নিয়ে ইচ্ছা করে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া এবং প্রতারণার কয়েকটি অভিযোগ উঠে। যদিও পরে সবগুলো অভিযোগই বাতিল হয়ে যায়।

আঞ্চলিক সরকারের মন্ত্রী হারবার্ট রুল বলেন, “ওই ব্যক্তির অস্বাভাবিক আচরণ নিয়ে তদন্ত করার প্রয়োজন ছিল।”

ইসলামপন্থি কোনো জঙ্গি দলের সঙ্গে তার যোগাযোগ ছিল না এবং ওই ব্যক্তি শরণার্থীও নন বলে জানান তিনি।

“তিনি একাই এ অপকর্ম করেছেন এবং তিনি জার্মানির নাগরিক।”

পুরনো খবর:

জার্মানিতে পথচারীদের ভিড়ে চলন্ত গাড়ি, নিহত ৩