একদিন পর আত্মসমর্পণ ব্রাজিলের লুলার
ফেডারেল বিচারকের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার একদিন পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দুর্নীতির দায়ে ১২ বছরের দণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
বিবিসি জানিয়েছে, সাও পাওলোর নিকটবর্তী সাও বের্নান্দো দু কাম্পো শহরের স্টিলওয়ার্কার্স ইউনিয়ন ভবনের বাইরে এসে পুলিশের হাতে ধরা দেন তিনি। ওই কার্যালয়েই কয়েকদিন ধরে অবস্থান করছিলেন ৭২ বছর বয়সী এ রাজনীতিক।
শনিবার আত্মসমর্পণের পর দুর্নীতির দায়ে দণ্ডিত সাবেক এ প্রেসিডেন্টকে দক্ষিণাঞ্চলীয় শহর কুরিচিবার পুলিশ সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিম্নবিত্ত ও শ্রমিকদের মধ্যে তুমুল জনপ্রিয় লুলার এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ব্রাজিলে তৈরি হওয়া দুইদিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হলো।
লুলাকে শুক্রবার বিকাল ৫টার মধ্যে কুরিচিবার পুলিশ সদরদপ্তরে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন ফেডারেল বিচারক সার্জিও মোরো। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লুলা ইস্পাতশ্রমিক ইউনিয়নের কার্যালয় ছাড়েননি।
বিচারকের ওই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে দুই দফা আপিলও করেন লুলার আইনজীবীরা, যদিও তাতে সাড়া মেলেনি।
শনিবার বিকালে আত্মসমর্পণের জন্য প্রথম দফা কার্যালয় থেকে বেরিয়ে সমর্থকদের বাধার মুখে পড়েন লুলা; তার গাড়ি অবরোধ করে রাখা হয়, যারা লুলাকে বাইরে বের করতে কার্যালয়ের প্রধান ফটক খুলতে চেষ্টা করছিলেন সমর্থকরা তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
ওয়ার্কারস পার্টির প্রধান গ্লেইসি হফম্যান তখন লুলার আত্মসমমর্পণে সহায়তা করতে সমর্থকদের অনুরোধ জানান। এই ওয়ার্কারস পার্টি থেকেই দুই দফা প্রেসিডেন্ট হয়েছিলেন লুলা।
দেহরক্ষী ও সমর্থকদের একাংশ পরে লুলাকে নিয়ে কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
ব্রাজিলের সম্প্রচারমাধ্যম ওগ্লোবোর ফুটেজে সমর্থকদের ভিড় ঠেলে লুলা ও তার দেহরক্ষীদের ইউনিয়ন কার্যালয়ের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
পুলিশ প্রথমে গাড়িতে করে সাবেক এ প্রেসিডেন্টকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়; পরে পুলিশেরই একটি বিমানে তাকে কুরিচিবা নিয়ে যাওয়া হয়।
শনিবার সকালে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ৭২ বছর বয়সী এ বামপন্থি রাজনীতিক গ্রেপ্তারি পরোয়ানা মেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানান।
“আমি (আত্মসমর্পণের) আদেশ মানবো, এবং আপনারা সবাই একেকজন লুলা হয়ে উঠবেন। আমি আইনের উর্ধ্বে নই। যদি আমি আইনের ওপর আস্থা না রাখতাম তাহলে কোনো রাজনৈতিক দল শুরু করতাম না; শুরু করতাম বিপ্লব,” সাও বার্নান্দো দু কাম্পোতে সমর্থকদের উদ্দেশ্যে বলেন লাতিন আমেরিকার রাজনীতিতে ‘আইকন’ হিসেবে পরিচিত সাবেক এ ট্রেড ইউনিয়ন সংগঠক।
৫৫ মিনিটের বক্তব্যটি দেওয়ার সময় লুলার পাশে তার উত্তরসূরী দিলমা রৌসেফ ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
আইনী এসব বাধা টপকে ‘আরও বড়, আরও শক্তিশালী’ হয়ে ফিরবেন বলেও সমর্থকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা লুলা।
“আমি ছোট ঘাড় নিয়ে জন্মেছি, সে কারণে মাথা উঁচু রাখতে পারি,” বলেছেন তিনি।
লুলা যখন মঞ্চ ছাড়ছিলেন উৎফুল্ল সমর্থকদের কণ্ঠে তখনও ছিল উচ্চকিত স্লোগান- ‘লুলাকে মুক্ত কর’।
উৎকোচ গ্রহণের এক মামলায় সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ডাদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন।
লুলা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়ে আসছেন।
চলতি বছরের অক্টোবরে হতে যাওয়া ব্রাজিলের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এ চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। জনমত জরিপগুলোতেও লুলাকেই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বলে খবর বিবিসির।
২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দু্ই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা সিলভা। অর্ধ শতকের মধ্যে প্রথম এ বামপন্থি প্রেসিডেন্টের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাত্র ৮ বছরের মধ্যেই দেশটির কয়েক কোটি লোক দারিদ্র্যসীমার নিচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।
সামাজিক কর্মসূচিতে বিস্তর খরচ করার কারণে তার মেয়াদকালীন সময়েই ব্রাজিল তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল।
২০১৪ সালে লুলার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। ‘অপারেশন কার ওয়াশ’ নামে ওই তদন্তে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে বিভিন্ন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উঠে আসে। লুলার বিরুদ্ধে কোপাকাবানা সৈকতমুখী একটি অ্যাপার্টমেন্ট উৎকোচ হিসেবে নেওয়ার অভিযোগ ওঠে, যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ডলার।
অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নয় বছরের কারাদণ্ড হয় সাবেক এ প্রেসিডেন্টের। রায়ের বিরুদ্ধে প্রথম আপিলেও হেরে যান তিনি।
জানুয়ারিতে দেওয়া আপিলের রায়ে লুলার সাজার মেয়াদ আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। এরপর দ্বিতীয় দফায় আপিলে যান নিম্নবিত্ত ও শ্রমিকদের মধ্যে বেশ জনপ্রিয় এ সাবেক প্রেসিডেন্ট।
লুলার দাবি, ওই অ্যাপার্টমেন্টের মালিক তিনি নন।
“আমি সম্ভবত একমাত্র ব্যক্তি অ্যাপার্টমেন্টের জন্য যার বিচার হয়েছে, যে অ্যাপার্টমেন্টের মালিকও আমি নই,” শনিবার সমর্থকদের উদ্দেশ্যেও এমনটাই বলেছেন তিনি।
দোষী সাব্যস্ত হওয়ায় জনমত জরিপে এগিয়ে থাকা এ প্রার্থী অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ব্রাজিলের শীর্ষ নির্বাচনী আদালত।
