আত্মসমর্পণের নির্দেশ লুলাকে
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের এক বিচারক।
ফেডারেল বিচারক সার্জিও মোরো শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে ৭২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে দক্ষিণের কুরিচিবা শহরের পুলিশ সদরদপ্তরে হাজির হতে বলেছেন, খবর বিবিসির।
বামপন্থি রাজনীতিক লুলাকে কারাগারের বিশেষ কক্ষে রাখার প্রস্তুতি চলছে বলেও জানান মোরো। অন্য বন্দিদের কাছ থেকে সাবেক এ প্রেসিডেন্টকে আলাদা রাখা হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাওপাওলোর মেটাল ওয়ার্কারস ইউনিয়ন কার্যালয়ের কাছে লুলার কয়েকশ সমর্থক বিচারকের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
ঘুষ গ্রহণের এক মামলায় সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ডাদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন।
সুপ্রিম কোর্টের বিচারকদের এক ম্যারাথন সেশন শেষে বৃহস্পতিবার সকালে লুলাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
১১ জন বিচারকের মধ্যে ছয়জনের ভোট আদেশের পক্ষে পড়েছে; বাকি ৫ জন আপিলের সময় সাবেক প্রেসিডেন্টের জামিনের পক্ষে ছিলেন।
ব্রাজিলে আপিল চলাকালীন সময় অভিযুক্তরা কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েই আসছিলেন। যদিও সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক লুলার ক্ষেত্রে ২০১৬ সালে দেওয়া নিম্ন আদালতের এ সংক্রান্ত এ রায়কে প্রাধান্য দিয়েছেন। প্রথম আপিলে হেরে যাওয়ার পর সাজাপ্রাপ্তকে যেখানে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।
লুলা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়ে আসছেন।
চলতি বছরের অক্টোবরে হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এ চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। জনমত জরিপগুলোতেও লুলাকেই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বলে খবর বিবিসির।
২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দু্ই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা সিলভা। সাবেক এ খনি শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মীই ছিলেন দেশটির অর্ধ শতকের মধ্যে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট।
সামাজিক কর্মসূচিতে বিস্তর খরচ করার কারণে তার মেয়াদকালীন সময়েই ব্রাজিল তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল। লুলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ওই ৮ বছরের মধ্যেই দেশটির কয়েক কোটি লোক দারিদ্র্যসীমার নিচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।
২০১৪ সালে লুলার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। ‘অপারেশন কার ওয়াশ’ নামে ওই তদন্তে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে বিভিন্ন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উঠে আসে। লুলার বিরুদ্ধে কোপাকাবানা সৈকতমুখী একটি অ্যাপার্টমেন্ট ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ ওঠে, যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ডলার।
অভিযোগে দোষী সাব্যস্ত হলে নয় বছরের কারাদণ্ড হয় সাবেক এ প্রেসিডেন্টের। রায়ের বিরুদ্ধে প্রথম আপিলেও হেরে যান তিনি।
জানুয়ারিতে দেওয়া আপিলের রায়ে লুলার সাজার মেয়াদ আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। এরপর দ্বিতীয় দফায় আপিলে যান নিম্নবিত্ত ও শ্রমিকদের মধ্যে বেশ জনপ্রিয় এ সাবেক প্রেসিডেন্ট।
লুলা বলছেন, সাজা ও কারাদণ্ডের মেয়াদের বিরুদ্ধে তার লড়াই হচ্ছে ব্রাজিলের সামরিক শাসনবিরোধী লড়াইয়েরই ধারাবাহিকতা। ১৯৮৫ সালে দেশটিতে সামরিক শাসনের অবসান হয়েছিল।
“আমি সামরিক একনায়কতন্ত্রকে মেনে নিইনি, কৌঁসুলিদের এ একনায়কতন্ত্রও মেনে নেব না,” সোমবার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি।
আত্মসমর্পণের পরই লুলার কারাভোগ শুরু হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্টের সাজা বিষয়ক আইনী প্রক্রিয়া ও সাংবিধানিক বিষয় দেখভালের জন্য আরও দুটি উচ্চতর আদালত আছে।
সেসব আদালত থেকেও ছাড়পত্র পাওয়ার সুযোগ আছে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা লুলার।
বামপন্থি এ রাজনীতিক অক্টোবরের নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও দেশটির সুপিরিয়র ইলেকটোরাল আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। অগাস্টের আগে ওই সিদ্ধান্ত হবে না বলেই ধারণা করা হচ্ছে।
