ছয় মাস বন্ধ থাকবে ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটন দ্বীপ বোরাকাই
পর্যটকদের জন্য বোরাকাই দ্বীপ ছয় মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিলিপিন্স সরকার।
বিবিসি জানিয়েছে, দ্বীপটির প্রাচীন পাড়গুলো নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এটি সাময়িকভাবে বন্ধ রাখার এ ঘোষণা এলো।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের এক মুখপাত্র ২৬ এপ্রিল থেকে দ্বীপটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন।
এ বছরের শুরুতে দুতার্তেও বলেছিলেন, বোরাকাই দ্বীপটি ‘মলকুণ্ডে’ পরিণত হচ্ছে এবং এটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
সাদা বালির সমুদ্রসৈকতের জন্য পরিচিত এ দ্বীপটিতে গত বছর প্রায় ২০ লাখ পর্যটক এসেছিলেন।
সরকারের এ সিদ্ধান্ত ব্যস্ত এ পর্যটনকেন্দ্রটির ওপর নির্ভরশীল হাজারও মানুষের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। পর্যটন সংশ্লিষ্ট অন্তত ৫০০ ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা এ বোরাকাই দ্বীপ থেকে গত বছর সরকার শতকোটি ডলারের বেশি রাজস্ব পেয়েছিল।
দ্বীপ বন্ধের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরকার আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে।
ঠিক কোন প্রক্রিয়ায় দ্বীপটি বন্ধ করা হবে তা স্পষ্ট নয় বলে জানাচ্ছে বিবিসি। পুরোপুরিভাবে বন্ধ করে দিলে তা ব্যবসা প্রতিষ্ঠান ও দ্বীপটির ওপর নির্ভরশীল ব্যক্তিদের জীবনধারণে ক্ষতিকর প্রভাব ফেলবে মন্তব্য করে এর আগে দেশটির ব্যবসা ও বাণিজ্য বিষয়ক কর্তৃপক্ষ বোরাকাই দ্বীপটিকে কয়েক ধাপে বন্ধ করার প্রস্তাব দিয়েছিল।
দ্বীপটির পরিবেশগত স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মুখে সাময়িকভাবে বন্ধের এ ঘোষণা এল। এর আগে কর্মকর্তারা দ্বীপের আশপাশের পানিতে বর্জ্য ফেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছিলেন।
ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট দুতার্তে দ্বীপটিতে অবস্থিত হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সমুদ্রে সরাসরি নর্দমার পানি ফেলার দায়ে অভিযুক্ত করেছিলেন।
“দায়িত্বে গুরুতর অবহেলা করে বোরাকাই দ্বীপকে মাছের পুকুর অথবা নর্দমার নালা বানানোয় তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনব আমি। হয় তোমরা এটি পরিষ্কার রাখবে, নাহলে আমি এটি স্থায়ীভাবে বন্ধ করে দেবো। এমন একটা সময় আসবে যখন কোনো বিদেশি আর সেখানে যাবে না,” সেসময় বলেছিলেন তিনি।
