চীনে ‘উধাও’ স্বামীর খোঁজে পদব্রজে স্ত্রী
চীনে আটক এক আইনজীবীর স্ত্রী বহুদিন স্বামীর খোঁজ না পেয়ে শেষমেষ তার সন্ধানে পদব্রজে ১শ’ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে শুরু করেছেন।
রাজধানী বেইজিং থেকে তিয়ানজিন নগরীর পথে হেঁটে চলেছেন লি ওয়েনঝু। সেখানেই স্বামী ওয়াং কুয়ানঝ্যাংকে আটকে রাখা হয়েছে বলে তার ধারণা।
বিবিসি’কে লি বলেন, প্রায় ১ হাজার দিন আগে স্বামী আটক হওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। স্বামী বেঁচে আছেন কিনা তাও তিনি জানেন না।
চীনে ২০১৫ সালের অগাস্টে দেশব্যাপী এক দমনাভিযানে ২শ’ মানবাধিকার কর্মীর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আইনজীবী ওয়াংও।
চীনের রাষ্ট্রপরিচালিত পত্রিকা ‘পিপলস ডেইলি’ সে সময় বিশিষ্ট কয়েকজনকে ‘সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ চক্র’ আখ্যা দিয়ে তারা আটক হওয়ার খবর জানিয়েছিল।
আটকদের মধ্যে ওয়াং কুয়ানঝ্যাং আছেন বলেই কেবল জানতে পেরেছিলেন লি। এখন তিনি তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই ১২ দিনের পদযাত্রায় বের হয়েছেন।
ওয়াংয়ের সঙ্গে স্ত্রী লি কিংবা তার আইনজীবীরও দেখা করার অনুমতি মেলেনি। আর সে কারণে চীন সরকার দেশে আইনের শাসনের নীতি মেনে চলছে কিনা- তা নিয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন লি। ওয়াংকে নির্যাতনও করা হয়ে থাকতে পারে বলে লি সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “গত ৯৯৯ দিন ধরে আমরা সবরকম আইনি পন্থায় তার (ওয়াং) অবস্থা কি তা জানার চেষ্টা করেও কোনো ফল হয়নি।”
রয়টার্সকে লি বলেন, “তারা আমাদের সব অধিকার ক্ষুন্ন করেছে। একজন নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার করা, তাকে প্রায় ১ হাজার দিন ধরে আটকে রাখা- আমার মতে এটি অত্যন্ত নিষ্ঠুর, নির্দয় কাজ।”
আইনজীবী ওয়াং পুলিশী নির্যাতনের অভিযোগের মামলা লড়াসহ নিষিদ্ধ ঘোষিত ফালুং গং এর সদস্যদের পক্ষে লড়তেন। বৌদ্ধদের আধ্যাত্মিক আন্দোলন ফালুং গং কে ‘শয়তানের পূজারী’ বলেই গণ্য করে চীন।
