মেক্সিকো সীমান্তে সেনা পাঠাতে চান ট্রাম্প
মেক্সিকো সীমান্তের সুরক্ষায় সেনা মোতায়েনের পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ না হওয়া পর্যন্ত এ সেনা সদস্যরা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার নেতাদের সঙ্গে এক ভোজসভায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের সেনাবাহিনীকে দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার ব্যবস্থা করছি।”
“সীমান্তে যতক্ষণ পর্যন্ত দেয়াল তোলা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা না হচ্ছে ততক্ষণ আমরা সামরিকভাবেই সুরক্ষা নিশ্চিত করব।”
এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে তার আলাপ হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এর আগে হন্ডুরাস থেকে শরণার্থীরা যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে, এমন খবর পেয়ে ট্রাম্প তাদের থামানোর চেষ্টা নিয়েছেন।
মঙ্গলবার এক টুইটে তিনি বলেন, “হন্ডুরাস থেকে বড় ক্যারাভানে করে আসা মানুষ এখন মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়তে চাইছে। আমাদের দুর্বল সীমান্ত আইনের কারণে তারা এ সুযোগ পাবে। তাই তারা সীমান্তে পৌঁছার আগেই তাদেরকে থামানো ভাল।”
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করাটা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসে এ বিষয়টি নিয়ে বড় কোন অগ্রগতি হয়নি।
গত মাসে ট্রাম্পের সই করা সরকারি ব্যয় বিলে দেখা গেছে, সীমান্তে দেয়াল তৈরির জন্য সরকারকে ১৬০ কোটি ডলার দেওয়া হয়েছে। কিন্তু, দেয়াল তৈরিতে আরো বেশি অর্থ প্রয়োজন।
এ বাড়তি খরচ মেটাতে ট্রাম্প সামরিক তহবিল ব্যয়ের প্রস্তাব করেছেন। কিন্তু এ তহবিল ছাড় করাতে ট্রাম্পকে রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
