২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপে সমালোচনা হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টায় ওয়াইন ও শুকরের মাংসসহ শতাধিক মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:20 AM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বেইজিংয়ের এ সিদ্ধান্ত ‘বিশ্ব বাজারকে বিশৃঙ্খল’ করে তুলবে বলেও এক বিবৃতিতে অভিযোগ করেছে তারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন অন্যায্য বাণিজ্যিক চর্চা থেকে সরে আসতে হোয়াইট হাউস চীনের প্রতি আহ্বান জানিয়েছে বলেও খবর বিবিসির।

গত মাসের প্রথমদিকে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের শুরুতে বেইজিং ১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করে।

সোমবার থেকে কার্যকর হওয়া এই শুল্ক প্রায় তিনশত কোটি ডলারের মার্কিন রপ্তানির ওপর প্রভাব ফেলবে।

বেইজিং বলছে, যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সে কারণে ‘চীনের স্বার্থের সুরক্ষা ও ভারসাম্যের’ জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস চীনের এ পদক্ষেপ বিশ্ব বাজারকে ‘বিশৃঙ্খল করতে পারে’ বলে মন্তব্য করে।

“চীনের ভর্তুকি ও ধারাবাহিকভাবে অতিরিক্ত উৎপাদন স্টিল সমস্যার মূল কারণ। ন্যায্য বাণিজ্যের মার্কিন রপ্তানি পণ্যকে লক্ষ্যবস্তু না বানিয়ে চীনের উচিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও বিশ্ব বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এমন অন্যায্য বাণিজ্যিক চর্চা থেকে সরে আসা,” বলেন হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টারস।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে এ ‘বাণিজ্য যুদ্ধের’ শঙ্কায় বিশ্বের প্রধান প্রধান শেয়ার বাজারের সূচক নেমে গেছে।

এর আগে চীন জানিয়েছিল, তারা বাণিজ্য যুদ্ধ চায় না, কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তারা বসেও থাকবে না। অপরদিকে ট্রাম্প বাণিজ্য যুদ্ধকে ‘ভাল’ অভিহিত করে এতে যুক্তরাষ্ট্রের ‘সহজ’ জয় হবে বলে দাবি করেছিলেন।

পাল্টাপাল্টি এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বহিঃপ্রকাশ, বলছে বিবিসি। ট্রাম্প বেইজিংকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক শত্রু’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছিলেন।

স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর হোয়াইট হাউস ‘মেধাস্বত্ত লংঘনের’ দায়ে চীন থেকে আমদানি করা আরও পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানায়।

চীনের অভ্যন্তরীণ বাণিজ্যরীতির কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অসুবিধায় পড়তে হচ্ছে এবং রোবোটিকস ও টেলিকমিউনিকেশনের মতো প্রযুক্তি ভাগ করে নেওযার ‘অন্যায় চাপ’ সহ্য করতে হচ্ছে বলেও অভিযোগ ওয়াশিংটনের।

‘মেধাস্বত্ত লংঘনের’ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি। হোয়াইট হাউস বলছে, আগের আলোচনা ব্যর্থ হওয়ার কারণেই শুল্ক আরোপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।