দক্ষিণ প্রশান্তের উপর ‘পুড়ে ছাই’ চীনের অকেজো স্পেস ল্যাব
চীনের অকেজো মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর খণ্ড খণ্ড হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাঝামাঝি অংশের উপরে জ্বলেপুড়ে অবশিষ্ট অংশ পানিতে পড়েছে।
স্থানীয় সময় সোমবার সোয়া ৮টার দিকে পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় এর ‘অধিকাংশই’ জ্বলে যায় বলে জানিয়েছে চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে তারা এসব কথা জানালেও অবশিষ্টাংশগুলো ঠিক কোথায় পড়েছে বলে তারা মনে করছে তা জানায়নি।
এর আগে চীনা মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছিল, মহাকাশ গবেষণাগারটি ব্রাজিলের সাও পাওলো এবং রিও ডি জেনিরো শহরের নিকটবর্তী উপকূলের কাছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে উপরের বায়ুমণ্ডল দিয়ে পৃথিবীতে পুনঃপ্রবেশ করতে পারে।
মার্কিন বিমান বাহিনীর ১৮তম মহাকাশ নিয়ন্ত্রণ স্কোয়াড্রন জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপরে তিয়ানগং-১ এর পুনঃপ্রবেশের সময় তারাও এটিকে সনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রের এই স্কোয়াড্রনটি পৃথিবীর কক্ষপথে থাকা সব কৃত্রিম বস্তুকে শনাক্ত ও অনুসরণ করে থাকে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জ্যোতিঃপদার্থবিদ ব্রাড টাকার জানিয়েছেন, তিয়ানগং-১ এর অবশিষ্টাংশ তাহিতি দ্বীপের প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পড়েছে বলে মনে হয়েছে।
রয়টার্সকে তিনি জানিয়েছেন, তিয়ানগং-১ এর ৯০ শতাংশ বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকী মাত্র ১০ শতাংশ নিচে পড়েছে, তবে এই খণ্ডাংশগুলোর ভরও প্রায় ৭০০ থেকে ৮০০ কেজি হবে।
তিনি বলেন, “সম্ভবত ওই ধ্বংসাবশেষগুলো সাগরে পড়েছে, লোকজন যদি এগুলোর সামনে পড়ে তাদের কাছে এসবকে সমুদ্রের আবর্জনার মতোই মনে হবে, আর এগুলো সম্ভবত কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।”
শুক্রবার বেইজিং বলেছিল, মহাকাশ গবেষণাগারটির কোনো বড় অংশ পৃথিবীতে এসে পড়বে এমন সম্ভাবনা নেই।
দশ মিটারের বেশি লম্বা নিষ্ক্রিয় এ মডিউলটির ওজন ৮ টনের বেশি। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়মিতভাবে পুনঃপ্রবেশ করা মানুষের তৈরি বস্তুগুলোর তুলনায় অনেক বড়।
২০১৬ সালে গবেষণাগারটির সঙ্গে চীনা কর্তৃপক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই এটি অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল। চলতি সপ্তাহে স্পেস ল্যাবটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করতে যাচ্ছে বলে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
