ফিলিস্তিনি হত্যাকারী সেনাদের প্রশংসায় ইসরায়েল প্রধানমন্ত্রী
গাজা-ইসরায়েল সীমান্তে অন্তত ১৫ ফিলিস্তিনি হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মধ্যেই ইসরায়েলি সেনাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, “দেশের সীমান্তগুলো কড়া পাহারায় রেখে ইসরায়েলি বাহিনী দেশটির নাগরিকদের শান্তিতে ‘পাসওভার’ উৎসব পালন করার সুযোগ দিয়েছে। এজন্য তারা প্রশংসার দাবিদার।”
নিজেদের ভূমিতে ফেরত যেতে দেওয়ার দাবি নিয়ে শুক্রবার হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েল সীমান্তে জড় হয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীদের সামলাতে এক পর্যায়ে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। এ ঘটনায় আরো ৪শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০১৪ সালে গাজা যুদ্ধের পর এটিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে একদিনে প্রাণহানির সবচেয়ে বড় ঘটনা।
ওই দিনই নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায় এবং স্বাধীন তদন্তের আহ্বান জানায়।
ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলের বামপন্থি বিরোধীদল মেরেতজ পার্টিও একই আহ্বান জানিয়েছে।
যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় কোনো তদন্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
আর্মি বেতারে রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বলেন, “ওই মুহূর্তে যা প্রয়োজন ছিল ইসরায়েলের সেনারা ঠিক তাই করেছে। আমার মতে ওই কাজের জন্য আমাদের সেনারা পদক পাওয়ার দাবি রাখে। এর জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না।”
বরং তাদের অভিযোগ, গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস বাহিনী ফিলিস্তিনিদের বিক্ষোভের উসকানি দিয়ে ইসরায়েল আক্রমণের চক্রান্ত করছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবারের রক্তক্ষয়ী ঘটনার ‘পুরো দায়’ ইসরায়েলকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন।
ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের ডাকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের ওই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।
১৯৪৮ সালে ইসরায়েলি হামলা থেকে প্রাণ রক্ষা করতে পালিয়ে যাওয়া লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী দীর্ঘদিন ধরে নিজ ভূমিতে ফেরার দাবি করে আসছে।
কিন্তু তারা ফিরলে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে আশঙ্কায় ইসরায়েল সরকার তাদের ফিরতে বাধা দিচ্ছে।
১৯৭৬ সালের ৩০ মার্চ ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হাতে ছয় ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়। যে কারণে বিক্ষোভ শুরু করতে এ দিনটিকে বেছে নেয় ফিলিস্তিনিরা। তাদের কর্মসূচি শেষ হওয়ার নির্ধারিত তারিখ ১৫ মে।
ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভ পরিকল্পনার অংশ হিসাবে বিক্ষোভকারীরা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়।
শনিবারও সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করেছে। বিক্ষোভকারীরা সেনাদের দিকে পাথর ছুড়েছে, ইসরায়েলি সেনারা গুলি ও রাবার বুলেট ছুড়ে তার জবাব দিয়েছে। এদিন অন্তত ৭০ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানান এক কর্মকর্তা।
