‘বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ানো বন্দি মন’কে চির বিদায়
আধুনিক সৃষ্টিতত্ত্বের ‘উজ্জ্বলতম নক্ষত্র’হিসেবে বিবেচিত বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, তার শেষকৃত্যে বলেছেন বক্তারা।
শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেট সেন্ট ম্যারি গির্জায় এ বিজ্ঞানীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়; খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।
১৪ মার্চ কেমব্রিজের নিজ বাড়িতে ৭৬ বছর বয়সে প্রফেসর হকিংয়ের মৃত্যু হয়।
তার শেষকৃত্য অনুষ্ঠানে যারা বক্তৃতা রেখেছেন তাদের মধ্যে ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন, হকিংয়ের জ্যেষ্ঠ সন্তান রবার্ট, সাবেক ছাত্র প্রফেসর ফে ডৌকার এবং ‘অ্যাস্ট্রোনমার রয়্যাল’ মার্টিন রিস অন্যতম।
রেডমেইন ২০১৪ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য থিওরি অব এভরিথিং’ এ প্রফেসর হকিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
গাড়ি থেকে কফিন নামিয়ে গির্জার ভিতরে নেওয়ার সময় রাস্তার দুইপাশে জড়ো হওয়া শত শত শুভাকাঙ্ক্ষী হাততালি দিয়ে মৃত প্রফেসরকে অভিবাদন জানান।
বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিনিধিত্বকারী সাদা লিলি ও শুকতারার প্রতিনিধিত্বকারী সাদা গোলাপ দিয়ে সাজানো ছিল হকিংয়ের দেহ বহনকারী কফিনের ওপরের অংশটি।
মাত্র ২২ বছর বয়সে বিরল প্রকৃতির মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছিলেন হকিং। তিনি বড়জোর কয়েক বছর বাঁচবেন বলে সে সময় চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু শরীরিক জড়তাকে পরাজিত করে নিজ সময়ের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন তিনি।
মহাবিশ্বের উৎপত্তি, ব্ল্যাক হোলের রহস্যভেদ থেকে শুরু করে সময় পরিভ্রমণ বিষয়ক গবেষণায় সারা জীবন নিয়োজিত ছিলেন তিনি।
১৯৮৮ সালে তার লেখা বই ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ প্রকাশিত হওয়ার পর তিনি বিশ্বব্যাপী খ্যাতিমান হয়ে ওঠেন। এই বই লিখে তিনি বিজ্ঞানের জটিল বিষয়কেও সাধারণ মানুষের অনেক কাছাকাছি নিয়ে গেছেন।
শেষকৃত্যানুষ্ঠানে বিশেষভাবে হকিংয়ের জন্য কম্পোজ করা মহাশূন্যভিত্তিক মিউজিক ‘বিয়ন্ড দ্য নাইট স্কাই’ বাজানো হয়; ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইমে’ উদ্ধৃত একটি কবিতা ও একটি বাণীর অনুপ্রেরণায় এবং মহাশূন্যে রেকর্ড করা শব্দের ভিত্তিতে ‘বিয়ন্ড দ্য নাইট স্কাই’ কম্পোজ করা হয়েছে।
পরে নিজের বক্তৃতায় হকিংকে ‘বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ানো বন্দি মন’ বলে অভিহিত করেন তিনি।
জুনে হকিংয়ের দেহভস্ম ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হবে, যেখানে শায়িত আছেন স্যার আইজ্যাক নিউটন ও চার্লস রবার্ট ডারউইনের মতো বিশ্বের বেশ কয়েকজন সেরা বিজ্ঞানী।
