২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুথি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি সৌদি বাহিনীর

প্রতিবেশী ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার দাবি করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 06:48 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান লক্ষ্য ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের পর এর ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এর আগে হুথিদের পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছিল, নাজরানে সৌদি ন্যাশনাল গার্ডের ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এতে ‘শত্রুদের সামরিক বাহিনী ও তাদের উপকরণের ক্ষয়ক্ষতি হয়েছে’।

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করার পর ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। তারপর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহর লক্ষ্য করে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

গত সপ্তাহেও হুথিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছিল সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে এক ব্যক্তি নিহত হন। ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব জড়িত হওয়ার পর এটাই দেশটির রাজধানীতে ওই যুদ্ধ সম্পর্কিত প্রথম মৃত্যুর ঘটনা।

সৌদি আরবের অভিযোগ, হুথিদের কাছে ক্ষেপণাস্ত্রের পার্টস ও বিশেষজ্ঞ সরবরাহ করছে ইরান। অপরদিকে ইরান ও হুথি বিদ্রোহীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।