লেবাননে ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর আল মানার টেলিভিশন।
রাতে, শুক্রবার বা শনিবারের কোনো এক সময় ড্রোনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আল মানারের প্রতিবেদনে বলা হয়েছে, “মানুষবিহীন একটি ইসরায়েলি গোয়েন্দা বিমান বেইত ইয়াহৌন ও বার্রাচিত গ্রামের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়েছে।”
কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এতে বলা হয়েছে, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তথ্য খোয়া যাওয়ার কোনো ঝুঁকি নেই।”
ইসরায়েল ও লেবাননের শিয়া হিজবুল্লাহ গোষ্ঠী শেষ ২০০৬ সালে যুদ্ধে লিপ্ত হয়েছিল।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের কারখানা তৈরি করতে অথবা এ ধরনের সিস্টেম দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রে যুক্ত করতে হিজবুল্লাহ গোষ্ঠীকে সহায়তা করছে ইরান।
ব্যাপক অস্ত্রে সজ্জিত হিজবুল্লাহ ২০১২ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় গৃহযুদ্ধে যোগ দেয় এবং আসাদ সরকারকে যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্র সৌদি আরব, কাতার ও তুরস্কের সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইরানের সমর্থনে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা ও সিরিয়ায় মোতায়েন করা একটি শিয়া বেসামরিক জোট বাহিনী গঠনেও অগ্রণী ভূমিকা পালন করেছে হিজবুল্লাহ।
সিরিয়ায় ইরানি ক্ষমতার সম্প্রসারণে প্রতিবেশী ইসরায়েলের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ায় বহু বিমান হামলা চালিয়ে সেগুলোকে হিজবুল্লাহ ও ইরানি লক্ষ্যস্থল বলে দাবি করেছে দেশটি।
