২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মিদের বাঁচানো 'বীর’ পুলিশ কর্মকর্তাকে ফ্রান্সের শ্রদ্ধাঞ্জলি

সুপার মার্কেটে বন্দুকধারীর হাতে জিম্মি এক নারীর জীবন বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করা  পুলিশ কর্মকর্তার অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধাঞ্জলি দিয়েছে পুরো ফ্রান্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 10:26 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

রাজধানী প্যারিসে ভারী বৃষ্টির মধ্যেই সহকর্মীরা নিহত লেফটেন্যান্ট কর্নেল আহনু বেলথামের কফিন বয়ে নিয়ে আসেন। এসময় সেখানে উপস্থিত শত শত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

বেলথামকে ‘ফ্রান্সের প্রতিরোধের’ প্রতীক বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, “নিরপরাধ মানুষের প্রাণ রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করাই একজন সৈনিকের প্রতিজ্ঞার মূল কথা।”

এদিন ফ্রান্স জুড়ে সব পুলিশ স্টেশনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত ছিল।

গত শুক্রবার মরোক্কান বংশোদ্ভূত হামলাকারী রেদোয়ান লাকদিম প্রথমে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শহর কারকাসোনে একজনকে গুলি করে হত্যার পর তার গাড়ি ছিনতাই করে পাশের শহরে যায়।

সেখানে ‘সুপার ইউ’ নামের একটি সুপারমার্কেটে প্রবেশ করে দুইজনকে হত্যা করে এবং বেশ কয়েকজনকে জিম্মি করে।

পুলিশ কয়েকজন জিম্মিকে মুক্ত করতে সক্ষম হলেও বন্দুকধারী এক নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে।

এ পরিস্থিতিতে জোনদার্ম বাহিনীর সদস্য বেলথাম জিম্মি ওই নারীর মুক্তির বিনিময়ে নিজেকে হামলাকারীর হাতে তুলে দেন। তিনি নিজের ফোন একটি টেবিলের উপর চালু অবস্থায় ফেলে রাখেন, যাতে বাইরে থাকা সহকর্মীরা ভেতরের পরিস্থিতি বুঝতে পারেন।

ওই ফোন লাইনে গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে ভেতরে ঢুকে পড়েন। ওই সময়ই পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। আর বেলথাম আহত হন।

পরে হাসপাতালে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে চির বিদায় নেন বেলথাম।