২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮তম জন্মদিনের ‘উপহার’, লটারি জিতে প্রতি সপ্তাহে ১০০০ ডলার

এক কানাডীয় তরুণী তার ১৮তম জন্মদিন উপলক্ষে জীবনে প্রথমবারের মতো একটি লটারির টিকেট কিনেছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 02:12 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

পরে স্ক্র্যাচ নম্বরের ওই টিকেটে লটারির জ্যাকপট জিতে নেন তিনি, খবর বিবিসির।

১৪ মার্চ ছিল কানাডার কুইবেক প্রদেশের বাসিন্দা চার্লি লাগার্ডির জন্মদিন। ১৮তম জন্মদিন উদযাপনে তিনি এক বোতল শ্যাম্পেনের সঙ্গে ওই স্ক্র্যাচ টিকেটটিও কিনে ছিলেন।

জ্যাকপট জেতার পর একসঙ্গে কানাডীয় এক মিলিয়ন ডলার (৭,৮০,০০০ ইউএস ডলার) অথবা জীবনভর প্রতি সপ্তাহে এক হাজার ইউএস ডলার করে পাওয়ার সুযোগ পান তিনি।

এক আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে আয়কর রেয়াত থাকায় দ্বিতীয় বিকল্পটি বেছে নেন লাগার্ডি।

“কর ছাড় থাকায় বছরে এক লাখ ইউএস ডলারেরও বেশি বেতনের সমতুল্য হবে এটি। তাই ওই অল্প বয়স্ক তরুণীর জীবনের শুরু হিসেবে এটি দারুণ,” বলেছেন লটারি কর্পোরেশনের মুখপাত্র প্যাট্রিস লাভুয়া।

“এটি তার কেনা প্রথম লটারির টিকেট এবং জয়ী টিকেটটাই তার হাতে পড়েছে,” মন্তব্য লাভুয়ার। 

লাগার্ডি জানিয়েছেন, এই অর্থ ভ্রমণ ও নিজের পড়াশোনার পেছনে খরচ করতে চান তিনি।

“আমি ফটোগ্রাফি নিয়ে পড়তে চাই। ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য কাজ করার স্বপ্ন দেখি আমি,” বলেছেন তিনি।