চীনে চারদিনের সফরে ছিলেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চারদিনের এক সফরে চীনে ছিলেন।
দুই দিন ধরে আন্তর্জাাতিক গণমাধ্যমে চলা সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার চীন জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত এক বেসরকারি সফরে চীনে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম।
উত্তর কোরিয়াও কিমের চীন সফরের কথা জানিয়েছে বলে খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।
২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর জানামতে এটিই কিমের প্রথম বিদেশ সফর।
কিম তার স্ত্রী রি সোল জুকে নিয়ে রোববার বেইজিং পৌঁছান এবং মঙ্গলবার বিকেলে বেইজিং ত্যাগ করেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিমের ‘সফল আলোচনা’ হয়েছে।
আলোচনায় কিম শিকে আশ্বস্ত করে বলেছেন, শর্তসাপেক্ষে পারমাণবিক অস্ত্র ত্যাগে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
কিম বলেছেন, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যদি শুভ মনোভাব নিয়ে আমাদের উদ্যোগে সাড়া দেয়, শান্তির সাধনায় প্রগতিশীল ও যুগপৎ পদক্ষেপ নিয়ে শান্তি ও স্থিতিশীলতার একটি বাতাবরণ গড়ে তোলে তাহলে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রকরণ ইস্যুটির সমাধান হতে পারে।”
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক মিত্রতার উন্নতিতে এ সফর ‘একটি মাইলফলক’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
চীনের প্রেসিডেন্ট শি উত্তর কোরিয়ায় ফিরতি সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
চীন উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক মিত্র। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠকের আগে দেশটি বেইজিংয়ের সঙ্গে আলোচনা করে নিবে এমন ধারণা অনেকটা প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে বিবিসি।
এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে এবং মে-তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বেইজিং সফরকে ওই বৈঠক দুটির জন্য উত্তর কোরিয়ার প্রস্তুতির একটি লক্ষ্যণীয় পদক্ষেপ হিসেবে দেখছেন পশ্চিমা পর্যবেক্ষকরা।
উত্তর কোরীয় নেতার এই সফরের বিষয়ে মঙ্গলবার চীন ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
