আফগান-তালেবান আলোচনা আয়োজন করতে চায় উজবেকিস্তান
আফগানিস্তান সরকার ও তালেবান জঙ্গিদের মধ্যে শান্তি আলোচনার আয়োজক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিবেশী উজবেকিস্তান।
উজবেক প্রেসিডেন্ট সাভকাত মিরজিইয়োয়েভ রাজধানী তাসখন্দে মঙ্গলবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠককালে এ প্রস্তাব দেন। আফগান সরকার এবং তালেবানের মধ্যে সরাসরি আলোচনার পট প্রস্তত করার লক্ষ্য নিয়েই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির উপস্থিতিতে এক সম্মেলনে মিরজিইয়োয়েভ বলেন, “শান্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে আমরা উজবেকিস্তানের মাটিতে আফগানিস্তান সরকার এবং তালেবান গোষ্ঠীর মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পরিবেশ সৃষ্টিতে প্রস্তুত রয়েছি।”
তাসখন্দের এ সম্মেলনে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনিসহ রাশিয়া, চীন, তুরস্ক ও অন্যান্য আরো অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সম্মেলন শেষের আগে দিয়ে এতে অংশগ্রহণকারীরা আফগানিস্তান বিষয়ক একটি ঘোষণাপত্র সই করবে।
