২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকারের 'প্রতীক' লিন্ডা ব্রাউনের মৃত্যু

সাত দশক আগে শ্বেতাঙ্গদের স্কুলে ভর্তি হতে চেয়ে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনিদের নাগরিক অধিকার নিশ্চিত করতে যুগান্তকারী রায় এনে দেওয়া লিন্ডা ব্রাউন আর নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 07:33 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

কানসাসের টোপেকা শিক্ষাবোর্ডের বিরুদ্ধে ব্রাউন পরিবারের করা মামলার মধ্যমণি লিন্ডা ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আফ্রিকান বংশোদ্ভূত হওয়ায় ১৯৫১ সালে লিন্ডাকে বাড়ির কাছের ‘সামার এলিমেন্টারি’ স্কুলে ভর্তিতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ। তাকে দুই মাইল দূরে কৃষ্ণাঙ্গদের স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়, যেখানে ভর্তি হলে নয় বছর বয়সী লিন্ডাকে একা একা রেল লাইন পার হতে ও বাসে চলাচল করতে হত।

১৮৯৬ সালে ‘প্লেসি ভার্সেস ফার্গুসন’ মামলার রায়ে পৃথক বর্ণের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল; যার সূত্রেই পরে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়।

এ ‘পৃথক কিন্তু সমান’ নাগরিক অধিকারের ধারণা বদলাতে পরিবারের পক্ষে টোপেকা শিক্ষাবোর্ডের বিরুদ্ধে আদালতে যান লিন্ডার বাবা অলিভার ব্রাউন। মামলাটি পরে ‘ব্রাউন ভার্সেস বোর্ড অব এডুকেশন’ নামে পরিচিতি পায়।

প্রথম অবস্থায় মামলাটি মুখ থুবড়ে পড়লেও বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গ পরিবারের অধিকার নিয়ে কাজ করা ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল’ (এনএএসিপি) জাতীয় পর্যায়ের আইনি লড়াইয়ে সামিল হলে অলিভার তাতেও যোগ দেন।

নাগরিক অধিকার কর্মীদের যুক্তি ছিল, পৃথক সুযোগ-সুবিধার বিষয়টি বৈষম্য সৃষ্টি করছে। তাছাড়া, আফ্রিকান-আমেরিকান স্কুলগুলোর সুযোগ সুবিধাও অপ্রতুল বলে ভাষ্য ছিল তাদের।

১৯৫৪ সালে সুপ্রিম কোর্ট শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ শিশুদের পৃথক স্কুলে ভর্তির বিধান তুলে দেওয়ার নির্দেশ দেয়। সর্বসম্মত ওই রায়ে তারা পৃথক স্কুলগুলো বৈষম্য সৃষ্টি করছে  এবং আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীদের ওপর ‘ক্ষতিকর প্রভাব’ ফেলছে বলেও মন্তব্য করে।

আদালতের এ সিদ্ধান্তে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া; অনেক অঙ্গরাজ্য সুপ্রিম কোর্টের রায় মানতে অস্বীকৃতি জানায়। আরকানসের লিটল রকের মতো অনেক এলাকাতেই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা মুখোমুখি অবস্থান নেয়।  

মামলায় এনএএসিপি’র পক্ষে থাকা আইনজীবী থারগুড মার্শাল পরে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ বিচারক হন।

ওদিকে, অল্প বয়সে জাতীয় মনোযোগ পাওয়ার সমস্যাগুলো নিয়ে পরে সরব হন লিন্ডা; লড়েন স্কুলে পৃথক ব্যবস্থা দূর করতেও।

১৯৮৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব মেনে নেওয়া কৃষ্ণাঙ্গদের জন্য ঠিক হবে না ভেবেই তার বাবা আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছিলেন।

লিন্ডার মৃত্যৃতে শোক জানিয়ে টুইট করেছে এনএএসিপি। এ কৃষ্ণাঙ্গ নারীকে জাতীয় বীর অ্যাখ্যা দিয়েছে তারা।

টুইটারে শোক জানিয়েছেন কানসাসের গভর্নর জেফ কোলেয়ারও।

“লিন্ডা ব্রাউনের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয়, কিছু কিছু সময় সম্ভাবনা নেই বলে মনে হওয়া মানুষও অসাধারণ প্রভাব রাখতে পারেন। এভাবে সমাজের সেবা করার মধ্য দিয়ে একদিন সত্যিকার অর্থেই বিশ্ব বদলে দিতে পারব আমরা,” শোক বার্তায় বলেন কোলেয়ার।