রাশিয়ায় অগ্নিকাণ্ড: বিপণি বিতান থেকে বের হওয়ার পথ ‘বন্ধ ছিল’
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বিপণি বিতানটিতে আগুন লাগার পর কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি এবং বহির্গমন পথগুলো বন্ধ ছিল বলে জানিয়েছেন তদন্তকারী ও প্রত্যক্ষদর্শীরা।
রোববার ছুটির দিনে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদন কেন্দ্র কেমেরোভোর ওই ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয় বলে খবর বিবিসির। নিহতদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।
রাশিয়ার তদন্তকারী কমিটি ঘটনাস্থল উইন্টার চেরি কমপ্লেক্স নামের ওই বিপণি বিতানের বহির্গমন পথ বন্ধ থাকা ও অন্যান্য নিয়মকানুনে ‘গুরুতর লঙ্ঘন’ ছিল বলে জানিয়েছে।
বিকাল ৫টার দিকে বিপণি বিতানটির উপরতলায় যখন আগুন লাগে তখন মার্কেটের দোকানগুলো, সিনেমা হল ও বোওলিং অ্যালি লোকজনে পরিপূর্ণ ছিল।
তদন্তকারী কমিটি জানিয়েছে, কমপ্লেক্সটির একজন অগ্নিনিরাপত্তা টেকনিশিয়ান আগুনের খবর পাওয়ার পর ‘অ্যালার্ম সিস্টেমের সুইচ বন্ধ করে দেন’।
ওই টেকনিশিয়ানের ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই অগ্নিনিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কমিটি। পাশাপাশি কমপ্লেক্সটির টেকনিক্যাল ডিরেক্টরে এবং যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকেও আটক করা হয়েছে।
১০ ব্যক্তি নাম এখনও নিখোঁজের তালিকায় রয়েছে। স্থানীয় শিক্ষকরা ছুটিতে থাকা তাদের ছাত্রদের খুঁজে বের করা চেষ্টা করছেন। ঘটনার সময় কতোজন ছাত্র ওই কমপ্লেক্সটিতে ছিল তা জানেন না তারা।
ফেইসবুকে এক পোস্টে কেমেরোভোর রাজনীতিক আন্তন গোরেলকিন বলেছেন, “জরুরি বহির্গমন পথ বন্ধ থাকায় কমপ্লেক্সটি একটি ফাঁদে পরিণত হয়েছিল। সংগঠিতভাবে কাউকে সরিয়ে নেওয়া যায়নি।”
আগুন লাগার ক্ষণটিতে একটি অগ্নিনির্বাপন যন্ত্র আগুনটি নিভিয়ে ফেলতে পারত, কিন্তু সেটি কাজ করেনি বলে জানিয়েছেন তিনি।
আঞ্চলিক ডেপুটি গভর্নর ভ্লাদিমির চেরনোভ বলেছেন,“প্রশ্ন হচ্ছে, দরজাগুলো বন্ধ ছিল কেন?”
রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, কমপ্লেক্সটির অধিকাংশ ছাদই ধসে পড়েছে। আগুনে পঞ্চম তলার শিশুদের ট্রামপোলিন রুম ও সিনেমা হল পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
শিশুদের ট্রামপোলিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর চেরনোভ।
বলেছেন, “প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এক শিশুর কাছে একটি সিগারেট লাইটার ছিল, যা থেকে ট্রামপোলিন রুমের ফোম রাবারে আগুন ধরে যায় এবং তা গানপাউডারের আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ে।”
বৈদ্যুতিক ক্রুটির থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে রোশিয়া ২৪ টিভি।
দমকল কর্মীরা জানিয়েছেন, একদিন পার হওয়ার পরও ওই ভবনটিতে ধিকিধিকি আগুন জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে এবং ভবনটির অবশিষ্ট কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
