গুপ্তচর হত্যাচেষ্টা: যুক্তরাজ্য-ইইউ’র বিরুদ্ধে রাশিয়া বিরোধী প্রচারের অভিযোগ
নার্ভ এজেন্ট দিয়ে সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টা নিয়ে যুক্তরাজ্য ‘রাশিয়া বিরোধী প্রচার’ শুরু করেছে এবং ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এপথে হাঁটছে বলে অভিযোগ করেছে মস্কো।
পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টার দায় রাশিয়া অস্বীকার করলেও যুক্তরাজ্য এ ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করেছে। ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাজ্যকে সমর্থন দিয়ে এ ঘটনায় রাশিয়াই জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছে।
রাশিয়া বলেছে, ওই হত্যাচেষ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে সুর মিলিয়ে ইইউ’য়েরও রাশিয়াকে দোষারোপ করার পদক্ষেপ দুঃখজনক।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আর্টিওম কোজিন বলেছেন, “লন্ডন ও এর মিত্রদের শুরু করা আরেক রাশিয়া বিরোধী প্রচারে ইইউ'ও সামিল হওয়ার পথ বেছে নেওয়ায় আমরা খুবই দুঃখ পেয়েছি।”
গত ৪ মার্চে ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়েকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। যেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট (উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক) হিসাবে বিবেচিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলছেন, সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার কারণে রাশিয়াই ওই কাজ করে থাকার সম্ভাবনা “খুব বেশি।”
বৃহস্পতিবার ইইউ’ও ওই ঘটনায় রাশিয়াই জড়িত থাকার সম্ভাবনা বেশি বলে যুক্তরাজ্যের সঙ্গে একমত পোষণ করেছে। ইইউ এর সমর্থনকে স্বাগত জানিয়ে টেরিজা মে বলেছেন, “রাশিয়া আমাদের জন্য হুমকি দাঁড়ানোর এ সময়ে আমরা একাট্টা হচ্ছি, এমন হওয়াটাই ঠিক।”
ফ্রান্স এবং জার্মানি দুই দেশই গুপ্তচর স্ক্রিপাল হত্যাচেষ্টার জবাবে রাশিয়ার বিরুদ্ধে দ্রুতই সমন্বিত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
ওদিকে, এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “ইউরোপীয় মহাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পথে এটি নিশ্চিতভাবেই আরেকটি বাধা সৃষ্টিকারী পদক্ষেপ।”
