পশ্চিম ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড, খবর বিবিসির।
কপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে; আরোহীদের পরিণতি নিয়ে বিস্তারিত জানা যায়নি।
মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এইচএইচ সিক্সটি পেভ হক হেলিকপ্টারটি আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।
এয়ারক্রাফটিতে সেসময় সাত আরোহী ছিলেন বলে আল-কাইমের মেয়র নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে এখনও পাঁচ হাজারের বেশি মার্কিনি অবস্থান করছে; এদের মধ্যে নিয়মিত সৈন্য ছাড়াও প্রশিক্ষণার্থী, উপদেষ্টা ও বিশেষ বাহিনীর সদস্যরা আছেন।
২০০৩ সালে ইরাক আক্রমণ শুরুর পর থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বিদ্যমান; ২০০৭ সালের সেপ্টেম্বরে দেশটিতে সবচেয়ে বেশি এক লাখ ৬৮ হাজার সেনাসদস্য ছিল।
