২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে নারীদের চক্ষুশূল নারীরাই: গবেষণা

পুরুষ নয় বরং নারী সহকর্মীদের কাছ থেকেই নারীরা কর্মক্ষেত্রে বেশি অভদ্র ও রূঢ় আচরণের শিকার হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 11:55 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

গবেষক অধ্যাপক অ্যালিসন গ্যাব্রিয়েল বলেন, “গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে সব পর্যায়ে পুরুষদের তুলনায় নারীরাই অভদ্র আচরণের শিকার হওয়ার অভিযোগ করে বেশি। কিন্তু কারা নারীদের নিয়ে রূঢ় মন্তব্য করছে সেটিই আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি।”

“নারীরা তাদের পুরুষ সহকর্মীর তুলনায় নারী সহকর্মীর বিরুদ্ধেই অনেক বেশি মাত্রায় অভব্য আচরণের অভিযোগ করেছে। তিনটি গবেষণায় আমরা ধারাবাহিকভাবে এর প্রমাণ পেয়েছি। অন্যভাবে বলতে গেলে, নারীরাই একে অপরের প্রতি বেশি রূঢ়। অথচ পুরুষদের প্রতি ততটা নয়। আবার পুরুষরাও নারীদের প্রতি অতটা রূঢ় নয়।”

তবে গ্যাব্রিয়েল ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকদের গবেষণায় এও দেখা গেছে যে, কর্মক্ষেত্রে নারীরা নারীদের সঙ্গে খারাপ আচরণ করলেও যৌন হয়রানির অধিকাংশ ঘটনার পেছনে দায়ী পুরুষরা।

‘সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটি’, ‘ইন্ডিয়ানা ইউনিভার্সিটি’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব আইওয়া’র গবেষকরাও এ গবেষণায় অংশ নিয়েছেন। তারা কর্মক্ষেত্রে নারী ও পুরুষদের যোগাযোগ খতিয়ে দেখেছেন বলে জানিয়েছে সিএনবিসি নিউজ।

গ্যাব্রিয়েল বলেন, গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে অশ্লীল মন্তব্য বা অশালীন ব্যবহারের শিকার হওয়ার কারণে অনেক নারী কাজ ছাড়তে বাধ্য হতে পারেন। এমনকি এ সমস্যার কারণে মালিককেও প্রতি কর্মীর পেছনে আনুমানিক ১৪ হাজার মার্কিন ডলার গুণতে হতে পারে।

কর্মক্ষেত্রে খারাপ পরিবেশের ফলে মালিকদের খরচ বেড়ে যায়। কারণ, বারবার কর্মী নিয়োগ ও নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতে খরচ করতে হয়।