২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নৌ-বহরে প্রথম নারী কমান্ডার

জাপানে প্রথমবার একজন নারী একটি নৌ-বহরের কমান্ডার হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Mar 2018, 09:17 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

রিয়োকো আজুমার (৪৪) নেতৃত্বে একটি হেলিকপ্টার ডেস্ট্রয়ারসহ মোট চারটি যুদ্ধজাহাজের বহর পরিচালিত হবে। যেগুলোর মোট ক্রু প্রায় এক হাজার, যাদের মধ্যে মাত্র ৩০ জন নারী।

আজুমা জাপানের ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) ফার্স্ট এসকর্ট ডিভিশনে কাজ করবেন।

দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে আজুমা বলেন, “আমি একজন নারী এবং এ নিয়ে আমি একদমই ভাবছি না। বরং একজন কমান্ডার হিসেবে আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালনে মনযোগী হব।”

“আমি এমন একজন মানুষ হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করতে চাই, যাকে দেখে অন্যরা উৎসাহিত হবে।”

১৯৯৬ সালে আজুমা যখন জাপানের এমএসডিএফ এ যোগ দেন তখন দেশটির নৌ বাহিনীর আইন অনুযায়ী নারীরা যুদ্ধজাহাজে যোগ দিতে পারতেন না।

১০ বছর আগে জাপান ওই আইন বিলুপ্ত করে। যদিও দেশটির সাবমেরিনগুলোতে এখনও সব ক্রু পুরুষ।

জন্মহারের নিম্নগতির কারণে জাপানে কর্মক্ষেত্রে তরুণদের অভাব দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনীও এর বাইরে নয়।

গত বছরের জরিপ অনুযায়ী, জাপানে ১৮ থেকে ২৬ বছর বয়সীদের সংখ্যা প্রায় এক কোটি ১০ লাখ।

বর্তমান জন্মহারে ২০৬৫ সাল নাগাদ তা কমে ৭০ লাখ হবে বলে সরকারি পূর্বাভাসে বলা হয়েছে।

জাপান সরকার ২০৩০ সাল নাগাদ দেশটির সেনাবাহিনীতে নারীর সংখ্যা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করার পরিকল্পনা ‍হাতে নিয়েছে।