২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সফরে বিক্ষোভের মুখে সৌদি যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে যুক্তরাজ্য সফর শুরু করলেও ইয়েমেন যুদ্ধে তার দেশের ভূমিকার জন্য বিক্ষোভ কর্মসূচির মুখে পড়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

বুধবার যুক্তরাজ্যে তিনদিনের সফরের শুরতেই রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিন্স সালমান।

এরপর দিনশেষে তার প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে দেখা করার কথা রয়েছে। আর সেখানেই সালমানের জন্য অপেক্ষা করছে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এবং যুক্তরাজ্য দু’দেশের ভূমিকার বিরুদ্ধেই এ বিক্ষোভ কর্মসূচি।

সৌদি প্রিন্স সালমান যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে লন্ডন সফরে গেলেও ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে ফুঁসছে বিক্ষোভকারীরা।

যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টি নেতা জেরেমি করবিন ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে দুষ্কর্মে সহযোগিতার অভিযোগ করেছেন। যদিও প্রধানমন্ত্রী টেরিজা মে বলছেন, দুই দেশের অংশীদারিত্ব শত শত প্রাণ বাঁচিয়েছে।

কিন্তু ইয়েমেন যুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির প্রতিবাদে ডাউনিং স্ট্রিটে প্রিন্স সালমানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে প্রতিবাদকারীরা।

মানবাধিকার কর্মীদের উদ্যোগে স্থানীয় সময় বিকাল ৫টায় সালমানের সফরের বিরুদ্ধে  এ প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

গত বছর ক্রাউন প্রিন্স হওয়ার পর এটাই মোহাম্মদ বিন সালমানের প্রথম যুক্তরাজ্য সফর।

সৌদি আরবের সমাজ সংস্কারে এরই মধ্যে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছেন সালমান। যার মধ্যে অন্যতম নারীদের গাড়ি চালানোর এবং স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া।

আধুনিক সৌদি আরব গড়ার লক্ষ্যে তিনি ভিশন-২০৩০ নামে একটি জাতীয় প্রকল্পেরও ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এ প্রকল্পের জন্য প্রিন্স সালমানের প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার মে’র খামারবাড়িতে দুইজনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিন দুপুরে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে বাকিংহাম প্যালেসে ভোজের আয়োজন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর তিনি প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামের সঙ্গে ডিনার করবেন।