মে মাসে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে গুয়াতেমালা
গুয়াতেমালা চলতি বছরের মে মাসেই ইসরায়েলে তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।
যুক্তরাষ্ট্র একই পদক্ষেপ নেওয়ার দুইদিন পরই গুয়াতেমালা এ পদক্ষেপ নেবে। ওয়াশিংটনে রোববার এক সম্মেলনে একথা জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।
আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটির বার্ষিক নীতিমালা বিষয়ক সম্মেলনের ভাষণে মোরালেস বলেন, “দূতাবাস স্থানান্তরের পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। তার সাহসী সিদ্ধান্তের কারণে আমরা সঠিক পদক্ষেপ নিতে উৎসাহ পেয়েছি।”
গতবছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করার সিদ্ধান্তকে যে কয়টি দেশ সমর্থন করেছে তার মধ্যে একটি হচ্ছে গুয়াতেমালা।
তাছাড়া, যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে নিজেদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের দিনক্ষণ ঠিক করা প্রথম দেশটিও হচ্ছে গুয়াতেমালা।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতমাসে জানিয়েছে, এ বছরের মে মাসেই তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট মোরালেস গত ডিসেম্বরেই তাদের ইসরায়েলের দূতাবাস জেরুজালেমে সরানোর পরিকল্পনা জানিয়েছিলেন। আর এখন তিনি মে মাসেই একাজ সম্পন্ন করা হবে বলে জানালেন।
মোরলেস বলেন, “এ বছরের মে মাসে আমরা ইসরায়েলের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের দুইদিন পরই আমার নির্দেশনায় গুয়াতেমালাও স্থায়ীভাবে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে।”
