২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলার মধ্যেই সিরিয়ার গৌতায় পৌঁছেছে ত্রাণ

সরকারি বাহিনীর বিমান হামলার মধ্যেই রেডক্রসের একটি ত্রাণ বহর জরুরি মানবিক সাহায্য নিয়ে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় প্রবেশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 07:40 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

‘ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস’ (আইসিআরসি) এর ৪৬টি ত্রাণবাহী ট্রাকে করে প্রায় সাড়ে ২৭ হাজার মানুষকে দেওয়ার উপযোগী খাবার, ময়দার বস্তা ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

অবরুদ্ধ পূর্ব গৌতায় জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি এবং রাশিয়ার দৈনিক ৫ ঘণ্টার যুদ্ধবিরতির পরও গত মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত সময়কালে এলাকাটিতে এই প্রথম ত্রাণ পৌঁছল।

সিরিয়ার সরকারি বাহিনী সম্প্রতি পূর্ব গৌতায়  বিমান হামলা শুরুর পর স্থল অভিযানও শুরু করেছে। এরই মধ্যে তারা পূর্ব গৌতার এক তৃতীয়াংশের দখল নিয়েছে বলে সোমবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

অভিযানে এ পর্যন্ত অন্তত ৭১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এর মধ্যে রোববার রাতেই বিমান হামলায় অন্তত ১৪ শিশু নিহত হয় বলে জানায় অবজারভেটরি।

সরকারি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে দাবি বিদ্রোহী পরিচালিত একটি স্বাস্থ্য সংস্থার।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়াজুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়। কিন্তু এই যুদ্ধবিরতির আওতায় সিরিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলা অভিযানগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

পূর্ব গৌতার নিয়ন্ত্রণে থাকা অন্যতম বিদ্রোহী গোষ্ঠী সৌদিপন্থি জয়স আল ইসলাম ও আল কায়দার সিরিয়া শাখা হিসেবে পরিচিত তাহরির আল শামকে জঙ্গিগোষ্ঠী হিসেবে বিবেচনা করে সিরিয়া ও রাশিয়া।

এ কারণে যুদ্ধবিরতি সত্বেও পশ্চিমা দেশগুলোর চাপ উপেক্ষা করে আসাদবাহিনী পূর্ব গৌতা পুনরুদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে।

সরকারি বাহিনীর অগ্রযাত্রার কারণে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে বিদ্রোহী অধ্যুষিত এলাকার আরো ভেতর পালিয়ে গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার টেলিভিশনে এক ভাষণে রাশিয়ার দৈনিক পাঁচ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি সমর্থন করলেও পূর্ব গৌতায় ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন।

সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে ‘মিথ্যাচার’ করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।