হামলার আশঙ্কায় বন্ধ হচ্ছে তুরস্কের মার্কিন দূতাবাস
হামলার আশঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাস সোমবার জনসাধারণের জন্য বন্ধ রাখা হচ্ছে।
তবে এদিন জরুরি সব সেবা চালু থাকবে বলে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া রোববারের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে তুরস্কে অবস্থারত মার্কিনীদের বড় ধরনের কোনো জমায়েত ও দূতাবাস ভবন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, পর্যটন এলাকা ও জনসমাগম স্থানগুলোতে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকার জন্যও মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকির কারণে দূতাবাস বন্ধ রাখা হচ্ছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
আঙ্কারার গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে মার্কিন দূতাবাস ও মার্কিন নাগরিকদের অবস্থানের ওপর হামলা হতে পারে বলে খবরের প্ররিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারসহ অন্যান্য নিয়মিত সেবা সোমবার বন্ধ থাকবে। দূতাবাসের এসব কার্যক্রম পুনরায় চালু হলে তা ঘোষণা দিয়ে জানানো হবে।
