ইতালিতে জাতীয় নির্বাচন, অচলাবস্থার আভাস
অভিবাসন ও অর্থনীতি নিয়ে উত্তপ্ত প্রচারণার পর ইতালিতে শুরু হওয়া জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে জনগণ।
পছন্দের প্রার্থীকে বেছে নিতে রোববার স্থানীয় সময় সকাল থেকে জনগণ ভোট দিতে শুরু করে। ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রাত ১১ টায়। সকাল নাগাদ ফল পাওয়ার কথা রয়েছে।
নির্বাচনী প্রচারে কোনো দলই অর্থনীতি এবং অভিবাসন সঙ্কট সমাধানে কার্যকর আশার আলো দেখাতে পারেনি। নির্বাচনী পূর্বাভাসেও কোনো দল সুস্পষ্টভাবে এগিয়ে না থাকায় অচলাবস্থা সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচন পূর্ব জরিপ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির জোট এগিয়ে থাকলেও তারা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, একক দল হিসেবে ফাইভ স্টার মুভমেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।
ভোটের দুই সপ্তাহ আগে থেকে জনমত জরিপ নিষিদ্ধ হওয়ার ফলে ভোটে কে বা কারা জয়ী হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন হয়ে পড়েছে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে বেরলুসকোনির জোট জয় পেয়ে গেলেও কর কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ৮১ বছরের বেরলুসকনি আগামী বছরের আগে ক্ষমতা গ্রহণ করতে পারবেন না।
ইতালিতে এবারের নির্বাচনী প্রচারণায় অভিবাসী ও অর্থনীতির বিষয়টিই প্রাধান্য পেয়েছে। ২০১৩ সাল থেকে ছয় লাখের বেশি শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া হলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে।
ইতালির বেশিরভাগ মানুষ শরণার্থীদের বিশাল এই বোঝা সহজভাবে নিচ্ছে না।
বেরলুসকনি এইসব অবৈধ শরণার্থীকে ‘সামাজিক টাইম-বোমা’ বলে বর্ণনা করে তাদের গণহারে বিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
ওদিকে, ইতালির অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করলেও দেশটির মোট দেশজ উৎপাদন এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছতে পারেনি। ২০১৬ সালে ইতালির ১ কোটি ৮০ লাখ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে ছিল। আর বেকারত্বের হার ছিল ১১ শতাংশ।
