২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় প্রতিনিধিদল পাঠাচ্ছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে দুই-দিনের সফরে উত্তর কোরিয়ায় পাঠাচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Mar 2018, 07:33 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার পট প্রস্তুত করার চেষ্টাতেই দক্ষিণ কোরিয়া এ দল পাঠাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত’ বলে ইঙ্গিত দেওয়ার পর দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ নিচ্ছে।

রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজ এক ঘোষণায় জানিয়েছে, সোমবার থেকে বিশেষ দূতদের এ সফর শুরু হবে।

ব্লু হাউজের বিবৃতিতে বলা হয়, “ন্যাশনাল সিকিউরিটি অফিস (এনএসও) প্রধান চুং ইইউই-ইয়ং এবং ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস) প্রধান সুহ হনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল পিয়ংইয়ং সফরে যাবে।”

উত্তর কোরিয়া সফর শেষে প্রতিনিধি দলটি সফরের অগ্রগতি সম্পর্কে মার্কিন কর্মকর্তাদেরকে জানানোর জন্য যুক্তরাষ্ট্র যাবে। তাছাড়া, জাপান ও চীনের কর্মকর্তাদের সঙ্গেও দলটি নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করবে বলে জানিয়েছে সিউল।

শনিবার ওয়াশিংটনে এক ভোজসভায় প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র বৈঠক করবে বলে সাংবাদিকদের জানান। তবে এজন্য উত্তর কোরিয়াকে আগে নিরস্ত্রীকরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমরা বৈঠক করব এবং এটিও দেখব যে ইতিবাচক কিছু ঘটছে কিনা”। ট্রাম্প মশকরা করেছেন, নাকি সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক আসন্ন তা পরিষ্কার নয়।

ওদিকে, উত্তর কোরিয়া শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলেও বলেছে, তারা কোনো পূর্বশর্ত মেনে আলোচনায় বসবে না।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া আরো বলেছে,  যুক্তরাষ্ট্র আরো সামনে অগ্রসর হলে  তারাও পাল্টা জবাব দেবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক নিরাপত্তা উপদেষ্টার বারত দিয়ে ইয়ুনহাপ বার্তা সংস্থা জানায়, আগামী মাসে ওই যৌথ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক গেমসের কারণে ওই মহড়া পিছিয়ে দেওয়া হয়েছিল।